ASANSOL

আসানসোল পুর এলাকায় পানীয়জলের সমস্যা, কাঠগড়ায় ডিভিসি

মেয়রের অভিযোগের পাল্টা জবাব বিজেপি বিধায়কের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক মতো জল ছাড়ছে না। আর সেই কারণে আসানসোল পুরনিগম এলাকায় কোথাও কোথাও পানীয়জলের সমস্যা দেখা দিচ্ছে। বুধবার পুর এলাকার পানীয়জল সমস্যা নিয়ে আসানসোল পুরনিগমে এক বৈঠকের পরে এমন অভিযোগ করলেন মেয়র বিধান উপাধ্যায়।
আর সেই অভিযোগ পত্রপাঠ উড়িয়ে দিয়ে ডিভিসি জল ছাড়ছে, ডেজিং না হওয়ার কারণে সব জায়গায় জল পৌঁছাচ্ছে না। এমনভাবেই মেয়রকে পাল্টা জবাব দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরনিগম এলাকার পানীয়জলের এই সমস্যাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।


উল্লেখ্য, আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকায় পানীয়জল সরবরাহের যোগান আসে দামোদর নদী থেকে। ডিভিসির ছাড়া জল দামোদর নদী থেকে  সংগ্রহ করে সেই জল পরিশ্রুত করে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে পুরনিগম কতৃপক্ষ ।
এদিন পুরনিগমে পানীয়জল নিয়ে এক বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ডিভিসি জল না ছাড়ার কারণে এই সমস্যা হচ্ছে। তবুও পুর কতৃপক্ষ সর্বশক্তি দিয়ে সেই সমস্যার সমাধান করে পানীয়জল সরবরাহ করার চেষ্টা করছে।
যদিও মেয়রের এই অভিযোগ খন্ডন করে  আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, বর্ষাকাল চলে গেছে। ডিভিসির কাছে যে জল আছে তা দিয়ে তাদেরকে গ্রীষ্মকাল পর্যন্ত চালাতে হবে। ডিভিসি প্রতিদিন জল ছাড়ে, কিন্তু ঠিকভাবে ডেইজিং না হওয়ার কারণে জল সব জায়গায় পৌঁছাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলে অভিযোগ করেন তিনি।


প্রসঙ্গতঃ, এই প্রথম গরম চলে যাওয়ার পরে শীতের মুখে আসানসোল পুরনিগম এলাকায় পানীয়জলের চরম সংকট দেখা দিয়েছে । কোন কোন ওয়ার্ডে দু/তিন দিন পরে জল মিলছে। জল আসার নির্দিষ্ট কোন সময় নেই। মাঝে মধ্যেই বিভিন্ন ওয়ার্ড থেকে জল সমস্যা নিয়ে আসানসোল পুরনিগমে আসছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!