আসানসোলের জিটি রোডে বৈদ্যুতিক বক্সে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শহরের জিটি রোডে ট্রাফিক মোড়ে রাস্তার পাশে একটি বেসরকারি বিদুৎ সরবরাহকারী সংস্থার ইলেকট্রিক বা বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে হওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার একদম পাশে এই ঘটনা ঘটায় জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। জিটি রোডের দুদিকে যানজট সৃষ্টি হয়।















জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে জিটি রোডের ট্রাফিক মোড়ে রাস্তার পাশে একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার বৈদ্যুতিক বক্সে আগুন লাগে। এই এলাকাটি জিটি রোডের অন্যতম ব্যস্ত ও জনবহুল। স্বাভাবিক ভাবেই এই সময় আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনেরা বলেন, আগুন লাগার পরে এই বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে বারবার ফোন করা হয়। কিন্তু তারা আসেনি। বৈদ্যুতিক বাক্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেই বেসরকারি বিদ্যুৎ কোম্পানির লোকেরা এলাকায় আসেন।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে। আসানসোল দমকল বাহিনীর কর্মীরাও ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষনের চেষ্টায় তারা আগুন নিভিয়ে ফেলে। বেসরকারি বিদ্যুৎ সংস্থার বৈদ্যুতিক বাক্সে আগুন লাগার পরে ২ ঘন্টারও বেশি সময় হয়ে গেলেও বারবার ফোন করেও তারা সময় মতো না আসায় স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ হন।
দমকলকর্মীদের প্রাথমিক তদন্তের পরে অনুমান, শট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।
বৈদ্যুতিক বক্সে আগুন লাগা নিয়ে ঐ বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তরফে কিছু বলা হয়নি।


