আসানসোলে মুখার্জি বাড়ির ৪০ বছরের দুর্গাপূজো, মহাপঞ্চমীতে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলের মন্দিরে পুরীর নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* মহাপঞ্চমীতেই আসানসোলের এসবি গড়াই রোডের শ্রীপল্লীর মুখার্জি বাড়িতে শারদোৎসবের সূচনা হলো। মায়ের আগমনে ঢাকে পড়লো কাঠি। এবছর মুখার্জি বাড়ির পুজো ৪০ বছরে পা দিলো। শনিবার সকালে রীতিনীতি মেনে পূজার্চনার মধ্যে দিয়ে দক্ষিণ ভারতীয় স্থাপত্যে নবনির্মিত একটি মন্দিরের উদ্বোধন করা হয়। পাশাপাশি সেই মন্দিরে পুরীর নিমকাঠে তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। মুখার্জি বাড়ির চৌহদ্দিতে রয়েছে দুর্গা মন্দির। তার পাশেই তৈরি করা হয়েছে নতুন সেই মন্দির। মুখার্জি বাড়ি দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে একচালায়। রয়েছে সাবেকিয়ানার ছাপ। গোটা বাড়ি ও তার আশপাশ সুন্দর করে সাজানো হয়েছে।














দুর্গা মন্দিরের একপাশের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এই প্রসঙ্গে মুখার্জি পরিবারের তরফে মৃত্যুঞ্জয় মুখার্জি বলেন, এদিন সকালে নতুন মন্দিরে পূজোর শুরু হয় সকাল ঌটার সময়। সেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে পুরীর নিমকাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তি। মন্দিরের পুজোর পরে ভোগ বিতরণ হয় দুপুর থেকে।
তিনি আরো বলেন, মুখার্জি বাড়িতে বিগত বছরগুলোর মতো এই বছরেও দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এই বছরের পুজো ৪০ বছরে পা দিলো। রবিবার মহাষষ্ঠী থেকে পঞ্জিকা মতে সেই পুজো শুরু হবে। ত্রয়োদশী অর্থাৎ আগামী ৫ অক্টোবর মহিলা ঢাকি সহ বিভিন্ন বাজনা ও শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন ও বিজয়া সম্মেলনী হবে।

তিনি বলেন, পুজো দিনগুলোতে প্রতিদিন সন্ধ্যা নানা ধরনের অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহাসপ্তমীতে হবে আরতী ও মোমবাতি প্রতিযোগিতা। মহাষ্টমীতে হবে শঙ্খ ও কুইজ প্রতিযোগিতা। মহানবমীতে কোল্ড ড্রিংকস ও ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। দশমীতে হবে কবি সম্মেলন। একাদশীতে সঙ্গীত প্রতিযোগিতা। দ্বাদশীর দিন সন্ধ্যায় নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঐদিন সবার শেষে সব প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। তিনি আরো বলেন, সব প্রতিযোগিতার বিজয়ী হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে আর্থিক পুরষ্কার দেওয়া হবে। এছাড়াও থাকছে বিশেষ পুরষ্কারও।


