রানিগঞ্জ স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উচ্ছেদের চক্রান্তের প্রতিবাদে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানিগঞ্জ : রানীগঞ্জ বার্ণস কারখানার শ্রমিক ধাওড়ার বস্তি থেকে রেলের উচ্ছেদের চক্রান্তের প্রতিবাদে সোচ্চার হয়ে রানিগঞ্জ স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। সঙ্গে ছিল সিআইটিইউ। বৃহস্পতিবার বিকেলে বস্তিবাসীরা দলে দলে যোগ দিয়ে দাবি করেন বার্ণসের ধাওড়া বস্তি থেকে উচ্ছেদ করা চলবে না। ডেপুটেশন কর্মসূচির চলাকালীন রেল স্টেশনের বাইরে বস্তি এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে ব্যপক অংশের মানুষের ক্ষোভ আছড়ে পড়ে।















এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন সমিতি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সঞ্জয় প্রামাণিক, সৌমিত্র সিনহা, শ্রমিক নেতা উমাপদ গোপ, হেমন্ত প্রভাকর, রামকৃষ্ণ চ্যাটার্জি। সভা পরিচালনা করেন শ্রমিক নেতা রুনু দত্ত। নেতৃত্বরা বলেন, বার্ণস কারখানার শ্রমিক বস্তিতে দীর্ঘকাল ধরে তারা বসবাস করছেন। রেল বার্ণসের ৫৪০ একর জমি অধিগ্রহণ করে উচ্ছেদের নোটিশ দিচ্ছে।
প্রশ্ন উঠছে, বার্ণসের এই জমি লিজ নেওয়া জমি। লিজহোল্ড জমি বিক্রি হয় কিভাবে ? উচ্ছেদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সিআইটিইউ ও বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ। ডেপুটেশন কর্মসূচির পর রেলের স্টেশন মাস্টার জানান বস্তি উন্নয়ন সমিতির দাবিপত্র ডিআরএম ( আসানসোল) পাঠানো হবে।


