রানীগঞ্জকে ১৩০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ১৩০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো রানীগঞ্জ শহর।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সোমবার আনুষ্ঠানিকভাবে শিলার আবরণ উন্মোচন করে, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের ফিতে কেটে উদ্বোধন পর্ব সারলেন। কিছুদিন আগেই বিধায়ক তহবিলে ৭০ টি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রদান করা হয় , এরপরই দীর্ঘ প্রায় এক মাস ধরে রানীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা গুলিকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ও আইনশৃঙ্খলা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই ক্যামেরাগুলি বসানো হয়। এবার সেই সকল ক্যামেরা মিলে প্রায় ১৩০ টির মতো ক্যামেরা বিছিয়ে দেওয়া হল রানীগঞ্জ শহরের নিরাপত্তাকে আটোসাটো করার জন্য।















এদিন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় দুজনে ই তাদের বক্তব্যের দাবি করেন যে এই সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য রানীগঞ্জ শহর অনেকটাই নিরাপদ হবে, মহিলাদের সুরক্ষার দিকেও রাখা হবে বিশেষ নজর, আর এই সকল সিসিটিভি লাগানোর জন্য রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর ভূমিকা নিয়েও সাধুবাদ জানান দুই বিশিষ্ট জন। রানীগঞ্জের বিধায়ক জানিয়েছেন তার কাছে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত শহরকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাবের কথা রাজ্যস্তরে জানানোর পরেই এই বিধায়ক উন্নয়ন তহবিল খাতে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়। যার মাধ্যমে ৭০ টির মত ক্যামেরা প্রথম পর্যায়ে বসানোর ব্যবস্থা করা হয়, আর এ সকলের সাথেই ৬০টির মত ক্যামেরা পুলিশ প্রশাসনের উদ্যোগে বসানোর ব্যবস্থা করা হয়েছে।
এ সকল ক্যামেরাগুলিকে নজরদারির জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। জানা গেছে শুধুমাত্র রানীগঞ্জ থানার মধ্যেই এই সিসিটিভি ফুটেজ সীমাবদ্ধ থাকবে না। এইখানের সাথেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে ও পরবর্তীতে তা নবান্নের দপ্তরেও মুহূর্তে পৌঁছে যাবে। কমিশনারের দাবি এর মাধ্যমে খুব দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে। একই সাথে পুলিশ প্রশাসনের ব্যবস্থা গ্রহণের জন্য অনেকটাই সুবিধা হবে বলে দাবি তার। এদিনের এই বিশেষ কর্মসূচিতে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ছাড়াও উপস্থিত থাকতে দেখা যায়, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি কারর্তার সিং, ট্রাফিক পুলিশের ওসি অনন্ত রায় সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা।


