দুর্গাপুরে নেত্রীর ” দিদিগিরি “, আড্ডার নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করার অভিযোগ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার ” দিদিগিরি” করার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী মুনমুন সরকারের বিরুদ্ধে। দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার একটি নিকাশী নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন মুনমুন সরকার। স্বাভাবিক ভাবেই শাসক দলের নেত্রীর বিরুদ্ধে সরকারি কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠায় ইস্পাত নগরীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।














জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লী সি ব্লকে এই নিকাশি নালা তৈরির কাজ করছিলো আড্ডা। প্রতি বছর বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায় এই এলাকায়। তাই এলাকার বাসিন্দা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা সেখানে প্রায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে একটি বড় নিকাশী নালা তৈরির কাজ শুরু করে দিন কয়েক আগে। পরিকল্পনা মতো , ঐ নিকাশী নালার উপর দিয়েই তৈরি হওয়ার কথা ছিল এলাকার মানুষের চলাচলের রাস্তা। অভিযোগ, শনিবার কাজ শুরু করতে গেলে আড্ডার ইঞ্জিনিয়াররা বাধার মুখে পড়েন। স্থানীয়দের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের ঐ নেত্রী কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এদিনের মত কাজ বন্ধ রাখতে বাধ্য হন আড্ডার ইঞ্জিনিয়ার।
তবে মুনমুন সরকার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা একেবারেই ভুল। আমি কোন কাজ বন্ধ করিনি। এলাকার লোকেরা আমাকে ফোন করে বলেন, নালার জন্য রাস্তায় জল জমছে। তাদের কথা শুনেই শুক্রবার এলাকায় যাই। দেখি জল জমে আছে। আমি ঠিকাদারের কাছে জানতে চেয়েছিলাম জল কি ভাবে বেরোবে?। কাজের শিডিউল দেখতে চাই। সেটা যখন দেখাচ্ছিল না আমি তখন আড্ডার চেয়ারম্যানকে ফোনও করি। এদিন সকালে এসে আবার কাজের শিডিউল দেখতে চাই। কিন্তু তারা তা দেখাননি। এদিন সকালে খবর পেয়ে এলাকায় আসেন আড্ডার ইঞ্জিনিয়ার উৎপল মুখোপাধ্যায়।
তিনি বলেন, কাজ করার সময় একটু উঁচু হয়ে যাওয়ায় আমরা ড্রেন ভাঙছিলাম। কিন্তু তা আমাদের ভাঙতে দেওয়া হয় না। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বসে আছেন ঠিকাদারের কর্মীরা। তিনি আরো বলেন, আমরা তো সবটাই দেখছি। সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যান, তা হলে তো কোন কাজ করাই মুশকিল।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। এদিন তিনি বলেন, ঠিকাদারকে রবিবার থেকে কাজ করতে বলা হয়েছে। এরপর যে বাধা দেবে, তার নামে থানায় অভিযোগ করা হবে। তার পরে আমি দেখবো, কি ভাবে এলাকার উন্নয়নের জন্য করা সরকারি কাজ বন্ধ করে দেওয়া হয়।

