বারাবনিতে কাঠগড়ায় শাসক দল ও পুলিশ, বিজেপি কর্মীকে মিথ্যে ঘটনায় ফাঁসানোর অভিযোগ, থানায় বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* জল নেওয়াকে কেন্দ্র করে হওয়া একটি পারিবারিক বিবাদের ঘটনায় মিথ্যে অভিযোগ এক বিজেপি কর্মীকে ফাঁসানো ও থানায় ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবনি থানার পানুরিয়ায়। ঐ বিজেপি কর্মীর নাম বুধন মন্ডল। এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ বিজেপির। জানা গেছে, বারাবনি থানার পানুরিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বুধন মন্ডল নামে এক বিজেপি কর্মীকে পুলিশ তুলে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সে স্থানীয় মহিলাদের গালিগালাজ করেছে।















এই ঘটনাটি জল নেওয়াকে কেন্দ্র করে হয় বলে জানা যায়। স্থানীয় মানুষ বারাবনি থানায় খবর দিলে পুলিশ আসে ও তাকে বাড়ি তুলে নিয়ে যায়। এই খবর পেয়ে রাতে বিজেপির কর্মী ও সমর্থকরা বারাবনি থানায় যান। কিন্তু রাতে পুলিশ তাকে ছাড়তে নারাজ ছিলো। শুক্রবার সকালে বিজেপি নেতাদেরকে সঙ্গে নিয়ে এলাকার কর্মী ও সমর্থকেরা থানার সামনে স্লোগান দিতে থাকেন। এরপরেই বুধন মন্ডলকে ছেড়ে দেওয়া হয়। সে থানার বাইরে এলে তাকে মালা পড়ান বিজেপি কর্মীরা।এই ব্যাপারে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি নেতা অভিজিৎ রায় এদিন বলেন, ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সেই ভয়েই পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর গুন্ডা ও দলদাস পুলিশকে লেলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার পানুড়িয়ার বিজেপি কর্মী বুধন মণ্ডলকে একটা পারিবারিক বিবাদের জেরে মিথ্যে অজুহাতে গ্রেফতার করা হয়েছিলো। আর এদিন বিজেপি কর্মীদের চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। তিনি তৃণমূলের নেতাদেরকে মনে করিয়ে দেন যে, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিজেপিকে রোখা যায় নি যাবে না।এছাড়াও বারাবনি থানায় উপস্থিত ছিলেন সুজিত মন্ডল, আকবর হোসেন, বাপি প্রধান কৃষ্ণপদ নাথ গোস্বামী সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং বলেন, আমি এই ব্যাপারে জানি না ঠিক কি হয়েছে, না হয়েছে। তবে এইটুকু ছবি দেখে বোঝা যাচ্ছে যে এই লোকটা মদ খেয়ে লোককে গালিগালাজ করে বেড়ায়। তার কটাক্ষ, এইসব লোকেরা বিজেপি কর্মী ছাড়া আর কি হতে পারে। এদিকে, বারাবনি থানার পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐ ব্যক্তিকে ধরে নিয়ে হয়েছিলো।


