আসানসোলে পথ দুর্ঘটনার শিকার নিরীহ পথচারী, ক্ষতিপূরণ ও ব্রিজের দাবিতে অবরোধ বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের উত্তর থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনার শিকার নিরীহ পথচারী। শুক্রবার রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার প্রতিবাদ, এলাকায় ব্রিজ তৈরি ও মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও মৃতর পরিবারের সদস্যরা। প্রায় আধ ঘন্টা পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ বিক্ষোভ উঠে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের উত্তর থানার শীতলা মোড় এলাকায়।















আসানসোলের উত্তর থানার শীতলার বাসিন্দা মৃত ব্যক্তির নাম বিকাশ থান্ডার ( ৪০)। এদিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে ঐ ব্যক্তির মৃতদেহর ময়নাতদন্ত হয়। জানা গেছে, এদিন দুপুরে কাজ শেষ করে বিকাশ থান্ডার শীতলা মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিকাশ বাবু। যা, দেখে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু তারা দেখেন ঐ ব্যক্তি গুরুতর জখম অবস্থায় কাতরাচ্ছেন। এরপরেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ড পুলিশ। এরপর পুলিশ তড়িঘড়ি ঐ ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।ঐ ঘটনার পরে ঘাতক গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক পলাতক। পুলিশ ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কি করে, এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত পথচারীর দাদা সুভাষ থান্ডার ও এলাকার বাসিন্দা মহম্মদ ইমরান বলেন, এই এলাকায় প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা এই এলাকায় ব্রিজের দাবি জানিয়ে আসছি বহুদিন ধরে। কিন্তু কোন কাজই হচ্ছে না । বারবার শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। তাদের আরো অভিযোগ এই জায়গায় ট্রাফিক পুলিশ কোন কাজ করেনা। তারা কেবল মোবাইল নিয়ে রাস্তার ধরে বসে থাকে।পুলিশ জানায়, এলাকার বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘাতক গাড়ির খোঁজ করা হচ্ছে।


