সালানপুরে মোবাইল সহ পাকড়াও ১, মাধ্যমিকের পঞ্চম দিনে গরহাজির ৪৬৯ পরীক্ষার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* মাধ্যমিকের পঞ্চম দিনে সোমবার অংক পরীক্ষা পশ্চিম বর্ধমান জেলায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। এদিন জেলায় পরীক্ষা দিয়েছে ৩০ হাজার ৮২ জন। সোমবার পশ্চিম বর্ধমানে মাধ্যমিকের অংক পরীক্ষা দিতে আসেনি ৪৬৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৭ জন ও ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১২২ জন। এছাড়াও এদিন আসানসোলের রানিগঞ্জের ১ ও দুর্গাপুরের ১ পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা হাসপাতালে পরীক্ষা দিয়েছে।















এদিকে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল সহ ধরা পড়ল এক পরীক্ষার্থী। এই অপরাধে ঐ পরীক্ষার্থ ” আর এ” বা ” রিপোর্টেড এগেন্সট” করে, তার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে সালানপুর ব্লকে মাধ্যমিকের মূল পরীক্ষা কেন্দ্র আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনে। এখানে আসন পড়েছিল আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের পরীক্ষার্থীদের। অভিযুক্ত ছাত্রীটির বাড়ি সালানপুর ব্লক এলাকায় বলে স্কুল সূত্রে জানা গেছে।
জানা গেছে, নিয়ম মতো চেকিং করা হলেও ঐ ছাত্রীর শরীরের বিশেষ অংশে থাকা মোবাইলটিকে শনাক্ত করা যায়নি পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে। কিন্তু পরীক্ষার সময় কর্তব্যরত ইনভিজিলেটরের নজরে পড়ে বিষয়টি। তিনি বুঝতে পারেন উত্তর লেখার জন্য অনৈতিকভাবে মোবাইলের সাহায্য নিচ্ছে ওই পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পরেই তাকে “আর এ” করা হয় বলে জানা গেছে ।


