রিজার্ভারের মেন পাইপ ফেটে বিপত্তি, পিএইচইর বিরুদ্ধে গুরুত্ব না দেওয়ার অভিযোগ, সমস্যায় গ্রামবাসীরা
বেঙ্গল মিরর, সালানপুর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পানীয়জল সরবরাহের মেন পাইপ ফেটে বিপত্তি। এর ফলে পানীয়জল না পাওয়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। সেই জলে জলমগ্ন হয়েছে অঙ্গনওয়ারি কেন্দ্রের সামনে অংশ। আসানসোলের সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতপর মল্লাডি গ্রাম এলাকায় একটি রিজার্ভারের মেন পাইপ ফেটেছে । ঘটনা সম্পর্কে জানা গেছে, কল্লা পঞ্চায়েতের মল্লাডি এলাকায় দুটি পানীয় জলের রিজার্ভার রয়েছে।একটি ডাবর হেলথ সেন্টারে ও একটি মল্লাডি গ্রামে । এই দুটি রিজার্ভারে অজয় নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে জল ভরা হয়। তারপরেই সেই জল গ্রামে গ্রামে পৌঁছায়। কিন্তু মল্লাডি রিজার্ভার্ডটিতে জল প্রবেশের প্রধান পাইপটি দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফেটে আছে। এরফলে জল রিজার্ভারে না জমা হয়ে রাস্তার পাশে বয়ে যাচ্ছে।















গ্রামবাসীদের অভিযোগ, তারা বারংবার পিএইচই দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছেন। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি বা তাদের কোন ভ্রুক্ষেপ নেই।এদিকে,এই পাইপ ফেটে যাওয়ার ফলে আশেপাশের বহু গ্রামের মানুষের জল সংকটের মুখে পড়তে হচ্ছে ।জল এলেও একেবারে সরু পড়ছে। সোমবার তারা বলেন, যেভাবে এই পাইপের জল নষ্ট হচ্ছে তাতে দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে আরো তীব্র জলসংকটের মুখে পড়তে হতে পারে। গ্রামবাসীরা আরো বলেন, ঐ রিজার্ভারের পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার । পাইপ ফাটার জলে ঐ সেন্টারের সামনের অংশ জল মগ্ন হয়ে পড়েছে। যে কারণে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা, এমন কি মায়েরা সেখানে যেতে পারেনা । কারণ দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে ঐ রাস্তা পিছল হয়ে পড়েছে। তাতে অনেকেই বেশ কয়েক বার পিছলে পড়ে গেছে। একই সাথে তারা এও বলেন, যে জায়গায় পাইপটি ফেটেছে তার উপরে ঢালাই রাস্তা রয়েছে । তার নিচের অংশের মাটি জলের তোড়ে ক্ষয়ে গেছে। সেই রাস্তাটি যে কোন সময় বসে যেতে পারে। এতে দুর্ঘটনা হবার সম্ভাবনা রয়েছে। যদি এই পাইপ লাইন ঠিক না করা হয় তাহলে রাস্তাটিও নষ্ট হয়ে যাবে তবে এই বিষয়ে পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ারকে ফোন করা হলে তিনি তোলেননি।
এই প্রসঙ্গে সালানপুরের বিডিও বা ব্লক উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস বলেন, আমি কিছুদিন আগেই গ্রাম বাসীদের কাছে এই বিষয়ে জানতে পেরেছি। পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ আরমান বলেন, এক/দুদিনের মধ্যে পাইপ সারানোর কাজ চালু করা হবে। যে সমস্যা তৈরি করা, তা দূর হয়ে যাবে বলে জানান তিনি।

