আসানসোলে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা, রাজ্য সরকারকে নোটিস হাইকোর্টের, পরবর্তী শুনানি ১৭ মার্চ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর থানায় বিজেপি নেতা তথা সমাজসেবী কৃষ্ণা প্রসাদের বিরুদ্ধে হওয়া একটি মামলাকে কেন্দ্র করে দায়ের করা রিভিশনে রাজ্য সরকারকে নোটিস জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চ এই নির্দেশ দেন। সিআরআর ৫৮০ অফ ২০২৬ মামলায় কৃষ্ণ প্রসাদ বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলায় আবেদনকারী আসানসোল উত্তর থানা কেস নম্বর ৪০/২০২৬ বাতিলের আবেদন জানিয়েছিলেন। মামলাটি গত ১৯ জানুয়ারি এক আদিবাসী মহিলা করা অভিযোগের দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের বিভিন্ন ধারা এবং এসসি-এসটি আইনের অধীনে এই মামলা দায়ের করা হয়েছে।















আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে এবং এটি আইনের অপব্যবহার।হাইকোর্টের দীনেশ কুমার শর্মার বেঞ্চ রাজ্য সরকারকে সরকারি আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠানোর পাশাপাশি দ্বিতীয় পক্ষকেও নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার নোটিস সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার কথাও বলা হয়েছে।আদালতের বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ । ততদিন পর্যন্ত তদন্তকারী আধিকারিক কোনও কঠোর পদক্ষেপ নিতে চাইলে আবেদনকারীকে অন্তত দু সপ্তাহ আগে জানাতে হবে।
স্বাভাবিক ভাবেই কলকাতা থেকেট এই নির্দেশের ফলে আপাতত বড় স্বস্তি পেলেন আবেদনকারী বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ।প্রসঙ্গতঃ, গত ১৯ জানুয়ারি আসানসোল উত্তর থানার শালডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করছিলেন কৃষ্ণা প্রসাদ। সেই সময় কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেখানে আসেন ও কৃষ্ণা প্রসাদের নামে শ্লোগান দিতে শুরু করে। যা, নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গন্ডগোলের আশঙ্কায় কৃষ্ণা প্রসাদ এলাকা থেকে চলে আসেন। এরপরে সেদিন রাতে এক আদিবাসী মহিলা কৃষ্ণা প্রসাদের নামে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা করে।


