কয়লা পাচার মামলায় ইডির স্ক্যানারে, বুদবুদ থানার ওসি থেকে অপসারিত মনোরঞ্জন মন্ডল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ কয়লা পাচার মামলায় ইডির স্ক্যানারে রয়েছেন। বাড়িতে তল্লাশি চালানোর পরে তাকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসির পদ থেকে সরানো হলো বা অপসারিত হলেন মনোরঞ্জন মন্ডল। তাকে ফিরিয়ে আনা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসবি বা স্পেশাল ব্রাঞ্চে। এই মর্মে মঙ্গলবার রাতে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের সাক্ষরিত একটি নির্দেশিকা বেরিয়েছে। তাতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি মনোরঞ্জন মন্ডলকে বুদবুদ থানার ওসি পদে পাঠানোর নির্দেশ বাতিল করা হচ্ছে। তাকে এসবিতে ফেরত পাঠানো হচ্ছে। এদিন রাতে হওয়া এই নির্দেশিকায় সবমিলিয়ে ২২ জন এসআই ও এএসআইকে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে বদলি করা হয়েছে।















উল্লেখ করা যেতে পারে, গত ৩ ফেব্রুয়ারি দুর্গাপুরে ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেদিন সবমিলিয়ে ৯ টি জায়গায় ইডি অভিযান চালায়৷ কলকাতায় হওয়া নতুন একটা কয়লা পাচার মামলায় ইডির এই অভিযান চলে। তারপর সোমবার সেই মামলায় ইডি কলকাতায় তলব করে মনোরঞ্জন মন্ডল, দুই কয়লা কারবারি চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। তদন্তে সহযোগিতা না করায় সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। মঙ্গলবার এই দুজনকে গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পেয়েছে। তারপরে এদিন রাতে মনোরঞ্জন মন্ডলকে ওসি পদ থেকে অপসারণ করা খুব তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


