দুর্গাপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হলো। ঐ হাসপাতালের হস্টেলের বাথরুম থেকে উদ্ধার করা ঐ ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। শনিবার রাতে ঐ বেসরকারি হাসপাতালে রাখা ছিলো ঐ ডাক্তারি পড়ুয়ার দেহ। ঠিক কি কারণে এই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে, এই ডাক্তারি পড়ুয়া গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়।















মৃত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা সেই খবর পেয়ে দুর্গাপুরে আসছেন বলে জানা গেছে।পুলিশ ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ডাক্তারি পড়ুয়ার নাম লাবণ্য প্রতাপ ( ২২) । ডাক্তারি পড়ুয়ার বাড়ি বিহারের পাটনাতে। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে তার গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, ঐ ডাক্তারি পড়ুয়া একটি সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি। সেই কারণে ঐ ডাক্তারি পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার রাতে তাকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পরে খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ঐ হাসপাতালে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের এক আধিকারিক বলেন,প্রাথমিক তদন্তে অনুমান, কোন কারণে কারণে ঐ ডাক্তারি পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিলেন। সেই জন্য ঐ ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। তবে, এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । পরিবারের সদস্যরা আসার পরে রবিবার দেহ ময়নাতদন্ত করা হবে । মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ঐ পুলিশ আধিকারিক। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে কথা বলা হয়েছে মৃত ডাক্তারি পড়ুয়ার সহপাঠী বন্ধুদের সঙ্গে। পরিবারের তরফে কি বলা হয় ও তারা কি অভিযোগ করেন, তার উপর গোটা বিষয়টি নির্ভর করছে। তবে, এখনো পর্যন্ত ঐ বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালে দুর্গাপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়ারকে কলেজের অদূরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ উঠেছিলো। ঐ পড়ুয়ার এক সহপাঠী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিলো। পরে তারা গ্রেফতার হয় সেই মামলা এখন দুর্গাপুর আদালতে বিচারাধীন রয়েছে। চলছে শুনানি পর্ব। সেই ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই এবার ঐ বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালেরই এক ডাক্তারি পড়ুয়ার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত নগরী দুর্গাপুরে।


