আসানসোলে ” যুব সাথী ” রেজিষ্ট্রেশন ক্যাম্পে উপচে পড়া ভিড়, ফর্ম জমা দেওয়ার হিড়িক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্য সরকারের নতুন প্রকল্প ” যুব সাথী”। রবিবার থেকে গোটা রাজ্য জুড়ে নতুন এই প্রকল্পের জন্য নাম রেজিষ্ট্রেশনের কাজ শুরু হলো।রাজ্যের অন্য বিধানসভাগুলির সঙ্গে এদিন আসানসোল উত্তর বিধানসভার আসানসোলের রবীন্দ্র ভবনে রেজিষ্ট্রেশন ক্যাম্প চালু করা হয়েছে। এখানে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া ২৬ তারিখ পর্যন্ত চলবে। ক্যাম্পে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।















সকাল থেকেই এই ক্যাম্পে এসে যুব সাথী প্রকল্পের জন্য ফর্ম জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যায়।মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে প্রায় ৯৫ টির মতো জনকল্যাণমূলক প্রকল্প চলছে। এদিন যুব সাথী নামে আরো একটি প্রকল্প চালু করা হয়েছে। এর পাশাপাশি, এখানে কিষাণ বন্ধু ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তিকরণ করা হচ্ছে । তিনি আরে বলেন, এখানে আসা মানুষদের সাড়া ও উচ্ছ্বাস বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই কারণেই তারা সবাই এখানে নাম নথিভুক্তিকরণ করতে আসছেন।

