জয়েন্ট বিডিও গাড়িতে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর।সার্থক কুমার, দুর্গাপুর : বিডিও অফিসের বাইরে দাঁড় করানো জয়েন্ট বিডিওর চার চাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় ছড়ালো চাঞ্চল্য । রবিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) বিডিও অফিস সংলগ্ন এলাকাতে । ঘটনা সূত্রে জানা যায় রবিবার দুর্গাপুর ফরিদপুর বিডিও অফিসের উল্টোদিকে পি এইচ ই দপ্তরের বাইরে চার চাকার গাড়িটি রেখে নিজের দপ্তরে যান জয়েন্ট বিডিও সঞ্জয় মন্ডল । রাত ন’টা নাগাদ দপ্তর থেকে বের হয়ে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে ।















ঘটনাটি দেখে এগিয়ে আসে স্থানীয়রা । তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় । জয়েন্ট বিডিও সঞ্জয় মন্ডল বলেন বিডিও অফিসে এসআইআর এর কাজ চলছে । ভিড়ের কারণে তিনি গাড়িটি অফিস সংলগ্ন পি এইচ ই দপ্তরের বাইরে রেখেছিলেন । এমন ঘটনা ঘটায় তিনি হতবাক বলে জানান । আগুন লাগার কারণে গাড়িটির পাশাপাশি ক্ষতি হয়েছে তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রেরও । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । যান্ত্রিক ত্রুটিতে গাড়িতে আগুন লেগেছে ! না এর পেছনে রয়েছে অন্য কোন কারণ ? তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার সকালে জানান এক পুলিশ আধিকারিক ।

