সেল আইএসপি থেকে ২০ শতাংশ ঠিকা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত, বিরোধিতায় সরব তৃণমূলের কাউন্সিলাররা
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সেল কর্তৃপক্ষ বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় ( ইস্কো স্টিল প্ল্যান্ট) ২০ শতাংশ ঠিকাদার কর্মী ছাঁটাইয়ের নির্দেশ জারি করেছে। সেল কর্তৃপক্ষ চলতি বছরের ৩১ মার্চের মধ্যে এই আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। আসানসোল পুরনিগমের বার্নপুরের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে অন্য কাউন্সিলররা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেও এই বিষয়ে নীরব থাকার এবং স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কোনও উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেছেন।














বৃহস্পতিবার বার্নপুরের স্টেশন রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেন , ২০২৪ সালের শেষের দিকে সেল আইএসপি কর্তৃপক্ষ কাউন্সিলরদের সাথে দেখা করে তাদের জানিয়েছিল যে আধুনিকীকরণ প্রকল্পে ১২,০০০ থেকে ১৪,০০০ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। এদিকে সেল কতৃপক্ষ বার্নপুর সেল আইএসপির ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্রকে একটি নির্দেশ জারি করেছে। যাতে তিনি চলতি বছরের ৩১ মার্চের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ অর্থাৎ ৬১১ জন ঠিকাদার কর্মীকে ছাঁটাই করতে ব্যবস্থা নেন। একই সাথে, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস থেকে ১০৩ জন ঠিকাদার কর্মী ছাঁটাই করা হবে। ছাঁটাইয়ের মাধ্যমে সেল আইএসপিতে ঠিকাদার কর্মীর সংখ্যা ৪,৭৬৮-এ নামিয়ে আনতে হবে।
অশোক রুদ্র আক্রমণ করে বলেন, কেন্দ্রের মোদী সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করছে না। অন্যদিকে, এক মাসের মধ্যে ২,২০০ থেকে ২,৪০০ ঠিকাদার কর্মী তাদের চাকরি হারাবেন। বার্নপুর সেল আইএসপি সংলগ্ন এলাকার তৃণমূল কাউন্সিলররা স্থানীয় বেকার যুবকদের জন্য চাকরি এবং ডিএসপি-র বেতনের সমান বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। তার প্রশ্ন, স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল স্থানীয় বেকারদের কর্মসংস্থানের বিষয়টি নিয়ে কতবার কেন্দ্রীয় বিজেপি সরকারের এই ধরে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন? তিনি স্থানীয় সমস্যা সমাধানের পরিবর্তে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বালি ও কয়লা নিয়ে কথা বলেন। এই প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সেল আইএসপিতে সক্রিয় ট্রেড ইউনিয়নগুলিকেও টার্গেট করেন।
তিনি আরো বলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সেলের স্কুল বন্ধ এবং ঠিকাদার কর্মী ছাঁটাই নিয়ে কি করছেন? তিনি যদি আগেই এই বিষয়টি জানতেন, তাহলে কেন তিনি চুপ ? তৃণমূল কাউন্সিলররা ঐক্যবদ্ধ হয়ে সেল কতৃপক্ষের বিরুদ্ধে এই সমস্যা সমাধানের জন্য তীব্র প্রতিবাদ ও অনশন করবেন। তার দাবি, সেল আইএসপি বা ইস্কো কারখানা থেকে কোন স্থানীয় ঠিকাদার কর্মী ছাঁটাই সহ্য করা হবে না। এদিনের সাংবাদিক সম্মেলনে অশোক রুদ্র ছাড়াও , বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর কাহকশা রিয়াজ, গুরমিত সিং, শ্রাবণী বিশ্বাস, কাঞ্চন মুখোপাধ্যায়, দিলীপ ওরাং, সমিত মাজি, মিনা হাঁসদা উপস্থিত ছিলেন ।


