কুলটি থেকে শুরু বিজেপির ” পরিবর্তন যাত্রা”
কল্যানেশ্বরী মন্দিরে পুজো, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিধায়কের উপস্থিতিতে
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থেকে বৃহস্পতিবার সকালে শুরু হলো বিজেপির ” পরিবর্তন যাত্রা “। এদিন সকালে দলের এই পরিবর্তন যাত্রার শুভারম্ভকে সামনে রেখে কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপরে মন্দিরের সামনে থেকে পরিবর্তন যাত্রার সূচনা করা হয়। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণা প্রসাদ সহ জেলা নেতৃত্ব ও দলের নেতা ও কর্মী।














এই প্রসঙ্গে ডাঃ সুভাষ সরকার বলেন, তৃণমূল কংগ্রেস ও সেই দলের চলা সরকারের বিসর্জনের ডাক দিয়ে এই পরিবর্তন যাত্রা শুরু করা হয়েছে। গত ১ ও ২ মার্চ পরিবর্তন যাত্রার উদ্বোধন করা হয়েছিলো। এদিন রাজ্যের মোট নয়টি জায়গা থেকে সেই পরিবর্তন যাত্রার শুভারম্ভ হলো। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জন্য এই যাত্রার সূচনা হলো। এদিকে, এদিন আবারও এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, গোটা দেশের একাধিক রাজ্য এসআইআর হয়েছে। কিন্তু কোথাও কোন সমস্যা হয়নি। একমাত্র বাংলায় সমস্যা হয়েছে। তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম থেকে এর বিরোধীতা করছেন। বিজেপি বিধায়ক বলেন, যদি কোন বৈধ ভোটারের নাম বাদ যায়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি চাইছিলেন না যে, এসআইআর হোক। তাহলে তার ভোট চলে যাবে। তিনি এতোদিন ধরে অবৈধ ভোটারদের ভোটে জিতে ক্ষমতা রয়েছেন। এসআইআর তা প্রমাণ করে দিয়েছে।
কুলটি থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা বৃহস্পতিবার ও শুক্রবার আসানসোল সাংগঠনিক জেলা জুড়ে ঘুরবে। এর পাশাপাশি এদিন বিকেল পাঁচটার সময় এই পরিবর্তন যাত্রাকে সামনে রেখে আসানসোলের এসবি গড়াই রোডের বুধা মাঠে এক সভার আয়োজন করা হয়েছে। এই সভায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের উপস্থিত থাকবেন বলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন।





