দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার পোস্টার ছেঁড়ার অভিযোগ, রাস্তা অবরোধ বিক্ষোভ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রার জন্য লাগালো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচির জন্য দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ, বুধবার গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে এদিন সকালে ইন্দো আমেরিকান মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচলেও সাময়িকভাবে ব্যাঘাত ঘটে।














এই প্রসঙ্গে, বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।





