BARABANI-SALANPUR-CHITTARANJAN

পুলিশের সামনেই বিজেপির পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী, বারাবনিতে উত্তেজনা

বেঙ্গল মিরর, বারাবনি (আসানসোল), রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলার ঘটনা সামনে এসেছে। এই হামলার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটে। তাতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন সকালে কুলটির কল্যানেশ্বরী মন্দির থেকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পরিবর্তন যাত্রার রথ বেরোয়। পরে সেই রথটি বারাবনি বিধান সভার পানুরিয়া হাটতলায় এসে পৌঁছানোর পরে বিজেপির সঙ্গে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে গন্ডগোল শুরু হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাতে প্রায় দশটির মত গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ, বিজেপির কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে দুই কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলের বেশ কয়েকজনের উপর হামলা চালায়। তাতে তারা জখম হন। বিজেপির কর্মীরা পুলিশের গাড়ি আটকে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।পানুরিয়ায় এই ঘটনার পরে দোমহানি বাজার গোডাউনের কাছে একটি মঞ্চ করে বিজেপির পক্ষ থেকে সভা করা হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তন আসছে বলে দাবি করেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

তিনি বলেন, বাংলার মানুষেরা তাদের সিদ্ধান্ত ঠিক করে নিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অমল রায়, প্রশান্ত চক্রবর্তী, প্রসেনজিৎ গড়াই, বারাবনি মন্ডল সভাপতি স্বপন রায় সহ অন্যান্যরা। যদিও, তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, দলের তরফে কোন কিছু করা হয়নি। বিজেপির এক নেতা ভোটের আগে বারাবনিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। পানুরিয়াতেও সে একই কাজ করতে গেছিলো।

এদিকে জানা গেছে, বীরভূম জেলার দুবরাজপুরেও বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশ কোচবিহারেও পরিবর্তন যাত্রায় অংশ নেওয়া গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর।পরিবর্তন যাত্রায় ধারাবাহিক হামলার ঘটনায় বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলের নেতাদের বক্তব্য, এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!