দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু ” মা ক্যান্টিন”
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো ‘মা ক্যান্টিন’। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানে ফিতে কেটে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এই ‘মা ক্যান্টিন’ চালু হওয়ার ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা খুবই উপকৃত হবেন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে এখানে পেট ভরে ডিম-ভাত খাওয়ার ব্যবস্থা থাকবে।














তাঁর কথায়, অনেক সময় দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা মানুষদের খাবারের সমস্যা হয়। এই ক্যান্টিন চালু হওয়ায় স্বল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়া যাবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন , হাসপাতালের পরিষেবাকে আরো মানবিক ও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, প্রতিদিন বহু মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন।





