বার্নপুর সেল আইএসপিতে ঠিকা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য, চাকরি ও ক্ষতিপূরণের দাবি
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার এক ঠিকা কর্মীর মৃত্যু হলো। মঙ্গলবার সকালে আসানসোলের সীতারামপুরের বাসিন্দা রাজেন্দ্র সাউ (৪২) নামে ঐ ঠিকা কর্মীকে কারখানার ভেতরে অচেৈতন্য অবস্থায় পাওয়া যায়। অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কারখানার ভেতরে ওএইচএসে নিয়ে যান।সেখান থেকে তাকে বার্নপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বার্নপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চলে আসেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা মৃত কর্মীর পরিবারের জন্য ক্ষতিপূরণ ও একজনের চাকরির দাবি করেন ।














মৃত রাজেন্দ্র সাউ মুখার্জি কনস্ট্রাকশনের কর্মী হিসেবে সেল আইএসপিতে চাকরি করতেন। ইউনিয়নের দাবির পরিপ্রেক্ষিতে, মৃত কর্মীর পরিবারের এক সদস্যকে চুক্তিভিত্তিক চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়। বার্নপুর কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ক্ষতিপূরণ হিসেবে ৩৭,০০০ টাকা দেয়। এরপরে রাজেন্দ্র সাউয়ের মৃতদেহ হিরাপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পুলিশ সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ।
জানা গেছে, রাজেন্দ্র সাউের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে ।বার্নপুর সেল আইএসপির ইস্পাত কর্মচারী সংঘের (বিএমএস) নেতা শ্রীকান্ত শাহ বলেন, মঙ্গলবার সকালে কারখানার ভেতরে সীতারামপুরের বাসিন্দা রাজেন্দ্র সাউ নামে ঐ ঠিকা কর্মীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। কর্মীরা তাকে প্রথমে চিকিৎসার জন্য ওএইচএসে নিয়ে যান। সেখান থেকে তাকে বার্নপুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।
মৃত কর্মীর পরিবারের একজনকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নিয়োগ পত্র দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কি করে ঐ কর্মীর মৃত্যু হয়েছে তা কারখানা কতৃপক্ষকে দেখতে অনুরোধ করা হয়েছে। এদিকে, পুলিশ জানায়, মৃতদেহর ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আপাততঃ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

