অন্ডালে অষ্টমঙ্গলার অনুষ্ঠানে শোকের ছায়া , পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু দুই যুবকের
বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিয়ের পরে অষ্টমঙ্গলার অনুষ্ঠানে আনন্দে মেতে উঠার বদলে নেমে আসে শোকের ছায়া। পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো দুই যুবকের। রবিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার ভাদুর গ্রামে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস মোদক (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্ডালের ভাদুর গ্রামের এক যুবতীর গত সোমবার বিয়ে হয় পুরুলিয়া শহরে। এই সোমবার ছিল তাদের অষ্টমঙ্গলার অনুষ্ঠান। এদিন দুপুর একটা নাগাদ নববিবাহিতার আত্মীয় তিন যুবক কালিপুর গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে। তার মধ্যে দুই যুবক পুকুরের জলে তলিয়ে যায়। তা দেখে স্থানীয় গ্রামের বাসিন্দারা একজনকে উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় অন্ডাল থানায়। অন্ডাল থানার পুলিশ এসে আরো এক যুবককে উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।














এই প্রসঙ্গে বাপি ঘোষ নাম এক স্থানীয় বাসিন্দা বলেন, যে দুই যুবক গ্রামের পুকুরের জলে ডুবে মারা গেছে তাদের বাড়িতে বিয়ের অষ্টমঙ্গলার অনুষ্ঠান। এদিন স্নান করতে নেমে তিন যুবকের মধ্যে দুই যুবক জলের তলায় তলিয়ে যায়। স্থানীয় ক্লাবের ছেলেরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশের সাহায্যে তাদেরকে হাসপাতালে পাঠায়। সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক ও সুপ্রিয় দাস মোদক। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে এই দুজনের। সোমবার দুজনের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে। স্বাভাবিক ভাবেই, ঐ বাড়িতে আনন্দের অনুষ্ঠানের মধ্যে হটাৎ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির লোকেরা বুঝে উঠতে পারছেন না যে, কি করে এই ঘটনা ঘটলো।

