পাণ্ডবেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনা , ট্রাফিক ব্যবস্থার গাফিলতিতে সরব স্থানীয়রা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি,পাণ্ডবেশ্বর:- পান্ডবেশ্বর থানার অন্তর্গত শোনপুর মোড়ে বুধবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। অন ডিউটি ইসিএলের বোর্ড লাগানো একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা বলে সূত্র মারফত জানা যায়। পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের ঢিল ছোড়া দূরত্বেশোনপুর মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে এমন দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয় ওই মোটরসাইকেল আরোহী।














স্থানীয় সূত্রে জানা যায় , হরিপুর থেকে পাণ্ডবেশ্বর অভিমুখে একটি অন ডিউটি ইসিএলের বোর্ড লাগানো ট্রাক আসছিল। একই সময়ে পাণ্ডবেশ্বর দিক থেকে হরিপুরের দিকে একটি অ্যাভেঞ্জার গাড়ি নিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। হঠাৎই ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে শোনপুর মোড় সংলগ্ন জাতীয় সড়কের একপাশে ট্রাক ড্রাইভার গাড়িটি দাঁড় করায় এবং সেই মুহূর্তেই বিষয়টি হরিপুর গামী ওই মোটরসাইকেল চালক বুঝতে না পেরে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। রক্তাক্ত হয়ে পড়ে জাতীয় সড়ক। তৎক্ষণাৎ ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ দ্রুত পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাণ্ডবেশ্বর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বাম্পারের দাবিতে বিক্ষোভ শুরু করেন ও বারংবার একই অংশে এমন দুর্ঘটনায় ট্রাফিক ব্যবস্থার গাফিলতি নিয়ে সরব হয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষের বিক্ষোভের জেরে দুই পাশে একাধিক যাত্রী এবং মালবাহী গাড়ি আটকে পড়ে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রতিবেদন লেখা পর্যন্ত, দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি তবে সূত্রে যেটুকু উঠে আসছে আহত ব্যক্তির অবস্থা সংকটজনক।অন্যদিকে দুর্ঘটনায় যুক্ত ট্রাকটি কেউ আটক করেছে পাণ্ডবেশ্বর পুলিশ।

