আসানসোলে গ্যাস ভোগান্তি অব্যাহত, সিলিন্ডার না পেয়ে জিটি রোড অবরোধ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গ্যাস হয়রানি বুধবারও অব্যাহত রয়েছে। গ্যাস সিলিন্ডার না পেয়ে এদিন ক্ষুব্ধ মানুষজনেরা আসানসোলের জিটি রোডে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি অফিসের সামনে আবারও রাস্তা অবরোধ করেন। তাদের দাবি, এখানকার এইচপির প্রয়াস গ্যাস এজেন্সির কারণে মানুষেরা চরম ভোগান্তি ও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই প্রসঙ্গে বেশ কয়েকজন গ্রাহক রাস্তা অবরোধের কারণ হিসেবে বলেন, আমরা প্রায় এক মাস আগে গ্যাস বুক করেছি। অনেক গ্রাহক তাদের মোবাইল ফোনে ডেলিভারির ম্যাসেজও পেয়েছেন। কিন্তু তারা এখনও তাদের সিলিন্ডার পাননি। এমন বেশ কয়েকজন গ্রাহক তাদের উদ্বেগ প্রকাশ করে জানতে চান, এভাবে মানুষকে হয়রানি করার মানে কি।














তারা বলেন, আসানসোলে আরো অনেক গ্যাস এজেন্সি আছে যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে না। শুধুমাত্র এখানকার এইচপির প্রয়াস গ্যাস এজেন্সি থেকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের আরো অভিযোগ, সিলিন্ডার কালোবাজারে বিক্রি হচ্ছে। যে কারণে মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বুধবার কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে চাওয়া হয় যে মোবাইল ফোনে গ্যাস ডেলিভারির ম্যাসেজ পাওয়ার পর তারা কি করেছিলেন?
তখন তারা বলেন, এদিন প্রয়াস গ্যাস এজেন্সিতে এসে আমরা দেখি অফিস তালা বন্ধ রয়েছে। পরে আমরা এজেন্সির লোকেদেরকে থানায় দেখতে পাই।গ্রাহকেরা বলেন, আমাদের বাড়িতে গ্যাস নেই। আমরা কি করে রান্না করবো, তা নিয়ে চিন্তিত। প্রতিদিন আমাদেরকে কাজ ছেড়ে গ্যাস এজেন্সিতে যেতে হচ্ছে। কিন্তু তাও গ্যাস পাওয়া যাচ্ছেনা। যে কারণে এদিন আমরা অতিষ্ঠ হয়েই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই ।

