পশ্চিম বর্ধমান জেলা দিয়ে দক্ষিণবঙ্গে ভোট প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের , পান্ডবেশ্বরে প্রথম সভা
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলায় বৃহস্পতিবার থেকে দলের হয়ে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের প্রথম রাজনৈতিক জনসভা করতে চলেছেন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল ময়দানে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য লাউদোহা ফুটবল ময়দানে হ্যাঙ্গার টাঙানো হয়েছে। তৈরি করা হয়েছে মুল মঞ্চ। শ্রোতাদের জন্য পাতা হয়েছে চেয়ার। পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জনসভার প্রস্তুতি খতিয়ে দেখছেন। তার সঙ্গে ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব।














আরো জানা গেছে, আগামী ২৮ মার্চ শনিবার রানিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় জনসভা করতে আসছেন। প্রসঙ্গতঃ, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় ভোট হবে। সেই হিসেবে পশ্চিম বর্ধমান জেলায় ভোট বাকি চার সপ্তাহের মতো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতো আগে পশ্চিম বর্ধমান জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করা অবশ্যই তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ২০২১ এর নির্বাচনে পান্ডবেশ্বরে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলায় নয়টি বিধানসভার মধ্যে ২০২১ সালের নির্বাচনে তৃণমূল জেতে ছয়টিতে। বাকি তিনটি জিতেছিল বিজেপি। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম জনসভা থেকে দলের নেতা ও কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন।

