আসানসোলে কড়া নাকা চেকিংয়ে বড় সাফল্য, পড়শি রাজ্যের বাস থেকে ১১ কেজি গাঁজা ও ৬৬টি মোবাইল উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোলে আন্তঃরাজ্য, আন্তঃজেলা সীমানা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা পয়েন্ট করে চেকিং জোরদার করা হয়েছে। এই কড়া নজরদারি ও চেকিংয়ের মধ্যেই বড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ। গত ২৪ ঘণ্টায় ১৯ নং জাতীয় সড়কে পড়শি রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা বাসে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা এবং ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঁচি-আসানসোল রুটের একটি বাসকে জুবলি মোড় এলাকায় থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই বাস থেকেই উদ্ধার হয় ৬৬টি মোবাইল এবং প্রায় ১ কেজি গাঁজা।














এর পাশাপাশি, আগের দিন বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আসা আরও একটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই প্রসঙ্গে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, জুবিলি মোড়ে সবসময়ই তল্লাশি চালানো হয়। নির্বাচনের জন্য আরো বেশি করে বাসে ও গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। গত ২৪ ঘন্টায় ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা একাধিক গাড়ি ও বাসে তল্লাশি চালানো হয়েছে। তার মধ্যে দুটি বাস থেকে ১১ কেজি গাঁজা ও ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য বিহার ও ঝাড়খণ্ড থেকে আসানসোলে আসা বাসগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তবে এই সাফল্যের মাঝেই কিছু প্রশ্নও উঠতে শুরু করেছে।
আসানসোলের জুবিলি মোড়ে পুলিশের নাকা চেকিংয়ে গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার হওয়ায়, স্বাভাবিক ভাবেই পড়শি রাজ্য থেকে ডুবুরডিহি চেকপোস্ট দিয়ে আসা কিছু বাসে ঠিকমতো তল্লাশি যে চালানো হচ্ছে না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি, কিছু বাস আসানসোল শহরে প্রবেশ না করে জুবিলি ব্রিজ পেরিয়ে সরাসরি দুর্গাপুর চলে যাচ্ছে। সেগুলিতেও তল্লাশি কি ভাবে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।সূত্রের খবর, গোটা বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এসেছে। প্রশাসনের মতে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাকা চেকিং আরও জোরদার করা এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি। আগামী দিনে তা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

