গাড়ি সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী এলাকায় একটি বড় গাড়ি সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। বৃহস্পতিবারের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা কাছের একটি আবাসিক ভবনকেও গ্রাস করে ।ঐ গাড়ির সার্ভিস সেন্টারের কর্মীরা মতে, সেন্টারের পেছনের ঝোপঝাড় ও জঙ্গলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন দ্রুত সার্ভিসিং সেন্টারে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথেই কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি ও দমকল বিভাগকে জানানো হয়।














তবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলের গাড়ি দেরিতে পৌঁছানোয় আগুন আরও ভয়াবহ রূপ নেয়।এরপরে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। একটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। অনেকক্ষণের চেষ্টায় দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। এই আগুনে ঐ গাড়ি সার্ভিসিং সেন্টারের ক্ষতি হলেও, কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকলের সূত্রে জানানো হয়েছে।

