পশ্চিম বর্ধমানের নয় কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দিলো কংগ্রেস। রাজ্যের প্রথম সারির নেতাদের মতো পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীকে এবার নির্বাচনের লড়াইয়ে নামানো হয়েছে। তিনি প্রার্থী হয়েছেন দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে। আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী হয়েছেন আসানসোল তথা জেলার অতি পরিচিত মুখ পিসিসি সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি। দুর্গাপুর পশ্চিমের প্রার্থী হয়েছেন তরুণ রায়। জেলার বাকি ছয় বিধানসভার প্রার্থীরা হলেন পান্ডবেশ্বর উত্তম কুমার রায়, রানিগঞ্জে ফৈয়াজ আহমেদ, জামুড়িয়া তরুণ কুমার গাঙ্গুলি, আসানসোল দক্ষিণ সৌভিক মুখোপাধ্যায়, কুলটি রবি যাদব ও বারাবনি জয়দেব রায়।














সোমবার প্রথম দফায় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারি করবে। সোমবার থেকেই শুরু হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। তার ঠিক একদিন আগে কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি ছয়টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বারাবনি কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। প্রসঙ্গতঃ, এদিনই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ২৯৪ কেন্দ্রের মধ্যে ২৮৪ টি কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অধীর চৌধুরীর মতো নেতাকেও এবার দলের প্রার্থী হতে হয়েছে।

