সোমবার নোটিফিকেশন, পশ্চিম বর্ধমান জেলায় তিনটি অফিসে হবে মনোনয়ন পত্র জমা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়* রাজ্যে এবার দু’দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফা হবে আগামী ২৩ এপ্রিল। এই প্রথম দফার ভোটের জন্য আজ সোমবার নোটিফিকেশন বা বিঞ্জপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সোমবার থেকেই শুরু হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার নির্বাচন প্রথম দফায় হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমানে তিনটি অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ হবে।














সেগুলি আসানসোলের কল্যানপুরে জেলাশাসক বা ডিএম অফিস, আসানসোল আদালত চত্বরে মহকুমাশাসক বা এসডিও (সদর) অফিস ও দুর্গাপুরে মহকুমাশাসক বা এসডিও অফিস। ডিএম অফিসে হবে চারটি বিধানসভার মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। সেগুলি হলো আসানসোল দক্ষিণ, কুলটি বারাবনি ও জামুড়িয়া। আসানসোল এসডিও অফিসে নেওয়া হবে আসানসোল উত্তর বিধানসভার মনোনয়ন পত্র। দুর্গাপুর এসডিও অফিসে হবে রানিগঞ্জ, পান্ডবেশ্বর, দুর্গাপুর ( পূর্ব) ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ।
ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠকে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ( ডিইও) এস পোন্নাবলম প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে, তা জানিয়ে দিয়েছেন। প্রার্থী সহ কজন মনোনয়ন পত্র জমা দিতে আরও বা রিটার্নিং অফিসারের কাছে যেতে পারবেন, তাও বলা হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ সুষ্ঠু ভাবে করার জন্য তিনটি অফিস চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

