ASANSOL

দুই শরিক ও এক জোট সঙ্গীকে নিয়ে আসানসোলে দুই সিপিএম প্রার্থীর মনোনয়ন জমা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* দুই শরিক ফরওয়ার্ড ব্লক ও সিপিআই এবং এক জোট সঙ্গী আইএসএফকে সঙ্গে নিয়ে বুধবার আসানসোলে দুই সিপিএম প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আসানসোল উত্তর বিধানসভার সিপিআই প্রার্থী অখিলেশ প্রসাদ সিং এদিন আসানসোলে মহকুমাশাসক (সদর) বা এসডিও অফিসে তার মনোনয়ন পত্র জমা দেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম অফিসে এদিন মনোনয়ন পত্র জমা দেন আসানসোল দক্ষিণের সিপিএম প্রার্থী শিল্পী চক্রবর্তী , বারাবনির আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ ওরফে বাপি বাউরি, কুলটির ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য এবং জামুরিয়া বিধানসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী মহঃ সাব্বির হোসেন।

তাঁদের মনোনয়ন জমা দেওয়ার আগে বামদের পক্ষ থেকে এদিন সকালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলের জিটি রোডের বিএনআর এলাকায় রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলের আয়োজন করা হয়েছিলো। সেই মিছিলে বাম প্রার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যায় বাম কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।বাম প্রার্থীরা বলেন, গত ১৫ বছরে এই এলাকা তো বটেই, এমনকি বাংলার বাকি অংশেও কোনো উন্নয়নের কাজ হয়নি। এই কারণেই জনগণ এখন পরিবর্তন চায়। তৃণমূল কংগ্রেসের নেতারা কেবল জনগণকে বোকা বানিয়েছেন। তাঁরা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন।

কিন্তু একটিও পূরণ করেননি। যে কারণে মানুষ আর তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেন না। পার্থ মুখোপাধ্যায় বলেন, বাংলার জনগণ এখানে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে, গত ১২ বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকারও দেখেছেন। এখন তাদের কাছ থেকে কোনো আশা নেই। বামেরা সবসময় শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, রাস্তাঘাট এবং নারী সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলিকে তুলে ধরেছে। আমরা এই নির্বাচনেও এই বিষয়গুলো তুলে ধরবো । জনমত দেখে মনে হচ্ছে, এবার বামপন্থীদের মাটি অনেক শক্ত হয়েছে। এবারের নির্বাচনে ব্যাপক সাফল্য আসবে বলে তার দাবি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *