ASANSOL

মাছ” নিয়ে যাত্রা করে মনোনয়ন জমা পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থীর

*বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি তাঁর মনোনয়ন জমা দেওয়া এক অভিনব কায়দায় করে দৃষ্টি আকর্ষণ করলেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) বারবার অভিযোগ করে আসছে যে, বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের প্রিয় খাবার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে টিএমসি যখন বাঙালি ভাবাবেগকে এবারের নির্বাচনের পালে হাওয়া নেওয়ার চেষ্টা করছে, তার জবাবে জিতেন্দ্র তেওয়ারি ‘মাছ যাত্রা’র মাধ্যমে তাঁর মনোনয়ন প্রক্রিয়া শুরু করেন।

এই যাত্রায় বিজেপি কর্মীরা ঝুড়িতে ছোট মাছ নিয়ে অংশ নেন। আর প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে একটি বড় মাছ হাতে ধরে থাকতে দেখা যায়।মনোনয়ন যাত্রা শুরুর আগে ফুল ও চন্দন দিয়ে মাছটিকে পুজো করা হয়। এরপর সেই যাত্রাটি দুর্গাপুর মহকুমাশাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে নিয়ম মেনে জিতেন্দ্র তেওয়ারি তার মনোনয়নপত্র জমা দেন।বাঙালির সংষ্কারে মাছকে শুভ বলে মনে করা হয়। যেকোনো শুভ অনুষ্ঠানের আগে এই মাছের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। সেই সংষ্কার ও তার প্রতীক মাছকে সঙ্গে নিয়ে জিতেন্দ্র তিওয়ারি এই বার্তা দিতে চেয়েছেন যে বিজেপি বাঙালি সংস্কৃতি ও খাবারের বিরুদ্ধে নয়।

এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি টিএমসির অভিযোগ খণ্ডন করতে এবং স্থানীয় ঐতিহ্য ও অনুভূতির প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে চেয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমি তো মনে প্রাণে বাঙালি। তাই তার ঐতিহ্য ও সংষ্কার আমার মধ্যে রয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার মতো একটা শুভ কাজ করতে যেতে, তাই মাছকে সঙ্গী করলাম। এরপর পান্ডবেশ্বরের মানুষ বিচার করবেন। পাণ্ডবেশ্বরের এই ‘ মাছ মনোনয়ন যাত্রা ‘ এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং নির্বাচনী আবহে একটি নতুন বিতর্ক তৈরি করেছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *