ASANSOL

আসানসোলে শমিক ভট্টাচার্যের উপস্থিতিতে তিন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ভোটার তালিকা থেকে নাম বাদ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বুধবার দুপুরে আসানসোলে জেলাশাসক বা ডিএম অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন তিন প্রার্থী। দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে এদিন বিজেপির তরফে শহরের জিটি রোডের বিএনআর এলাকায় র‍্যালির আয়োজন করা হয়েছিলো। র‍্যালির পাশাপাশি আসানসোলের বিএনআরে একটি সভাও হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এছাড়াও ছিলেন আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, কুলটির বিজেপি প্রার্থী ডঃ অজয় ​​পোদ্দার, জামুরিয়ার বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখোপাধ্যায়, বারাবানির প্রার্থী অরিজিৎ রায়। আসানসোল উত্তরের প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন। এর পাশাপাশি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বলেন যে, অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ জমা দেওয়ার একটা চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশের সহায়তায় তা ছিনিয়ে নেয়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই হাজার হাজার অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে সেই ফর্ম ৭ ছিনিয়ে নেওয়া হয়।

তিনি স্পষ্ট করে বলেন , ভোটার তালিকায় একজনও অবৈধ ভোটারের নাম থাকা পর্যন্ত বিজেপি প্রতিবাদ চালিয়ে যাবে। আমাদের সব ফর্ম ৭ র শুনানি করতে হবে। ” নো এসআইআর ভোট”। ফর্ম ৬ নিয়ে কলকাতার সিইও দপ্তরে হওয়া গন্ডগোল নিয়ে শমিক ভট্টাচার্য বলেন, গোটা বিষয়টি নির্বাচন কমিশনের। তারা এর জবাব দেবে ও ব্যবস্থা নেবে। আমাদের বক্তব্য, মাঝপথে এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দিয়ে ভোটে যাওয়া চলবে না। এক প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হিন্দু বিরোধী, মতুয়া বিরোধী। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বেশ কিছু জেলা ও বিধানসভা থেকে হিন্দুদের নাম বাদ দিয়েছে। বাদ দেওয়া হয়েছে মতুয়াদের নামও।

র‍্যালি ও সভার পরে তিন প্রার্থী অগ্নিমিত্রা পাল, ডাঃ অজয় পোদ্দার ও ডাঃ বিজন মুখোপাধ্যায় ডিএম অফিসে মনোনয়ন কেন্দ্রে পৌঁছান এবং নিয়ম মেনে তা জমা দেন। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় গত ৩০ মার্চ তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায় এদিন তার মনোনয়ন পত্র জমা দেননি। তিনি বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *