ASANSOL

বৃহস্পতিবার আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা কঠোর নিরাপত্তা ব্যবস্থা, লক্ষাধিক মানুষের সমাগম, দাবি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে আসছেন।প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন হাইপ্রোফাইল এই জনসভার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষীরা গত দুদিন ধরে পোলো গ্রাউন্ডের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছেন।

সভামঞ্চের অদূরে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। দুপুর একটা নাগাদ নরেন্দ্র মোদিকে নিয়ে বায়ুসেনার চপার সেই হেলিপ্যাডে নামবে। চপার নামতে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েক দফায় ট্রায়াল হয়েছে। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, বেলা বারোটা থেকে সভার কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভায় আসবেন দুপুর সোয়া একটা নাগাদ।জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা, গলসি ও পুুরলিয়ার বেশ কয়েকজন প্রার্থী ছাড়াও, রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা নরেন্দ্র মোদির সভায় থাকবেন।

বিজেপির আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বিগত নির্বাচনগুলির মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসানসোলে আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। দলের তরফে সব জায়গায় প্রচার করা হয়েছে। সাধারণ মানুষদের সভায় আসার জন্য আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভায় ১ লক্ষেরও বেশি বিজেপি কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আসবেন বলে বিজেপি নেতৃত্ব আশা করছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *