Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
PANDESWAR-ANDAL

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে হিন্দুদের উপর অত্যাচার, অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বললেন অমিত শাহ

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : বাংলায় বিজেপি সরকার হলে বন্ধ হবে হিন্দুদের উপর অত্যাচার, তাড়ানো হবে অনুপ্রবেশকারীদের, সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্ডালের খান্দরায় বিজেপির নির্বাচনী জনসভাতে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

রানীগঞ্জের বিজেপি প্রার্থী পার্থ ঘোষের সমর্থনে সোমবার খান্দরা ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ । দুপুর দুটো ২৫ মিনিট নাগাদ হেলিকপ্টার করে সভাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী । প্রায় ২৫ মিনিট ভাষণ দেন তিনি । বলেন রাজ্যে ১৫ বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল । রাজ্যের কোন উন্নয়ন তারা করেনি, উল্টে অনেক পিছিয়ে পড়েছে বাংলা । তিনি বলেন বাংলায় সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে । কয়লা, বালি থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট ।‌ সিন্ডিকেটের অত্যাচারের কারণেই বাংলা ছেড়ে পালাচ্ছে শিল্পপতিরা । আগে শিল্পে এগিয়েছিল বাংলা, এখন এখানে কেউ শিল্প করতে আসে না সিন্ডিকেটের ভয়ে । নাম না করেই এই সিন্ডিকেটের মাথা ভাইপো বলে অভিযোগ করেন তিনি ।

বলেন বিজেপি ক্ষমতায় এলে ব্যবস্থা নেবে সিন্ডিকেটের বিরুদ্ধে । উল্টো করে টাঙিয়ে তাদের শায়েস্তা করা হবে । অমিত শাহ বলেন বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসছে । সরকার শপথ নেওয়ার পরে এই রাজ্যে নতুন নতুন শিল্প গড়ে তোলা হবে। কর্মসংস্থান হবে বাংলার বেকার যুবক-যুবতীদের । অমিত শাহের মুখে শোনা যায় রানীগঞ্জ মাস্টার প্ল্যান এর কথা । বলেন ধসের কারণে রানীগঞ্জ শহর বিপদজনক হয়ে উঠেছে ।

বিজেপি ক্ষমতায় এলে রাণীগঞ্জ মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে । এদিন বক্তৃতায় অমিত শাহ সবচেয়ে বেশি সরব হন রাজ্যে হিন্দুদের উপর অত্যাচার ও অনুপ্রবেশ ইস্যুতে । বলেন মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে । হাওড়া, কালিয়াচক, মালদা, রিষড়া, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় দাঙ্গা হয়েছে । অত্যাচার হয়েছে হিন্দুদের উপর । তৃণমূল সরকার দাঙ্গা কারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেইনি । রাজ্যে বিজেপি সরকার হলে বন্ধ হবে হিন্দুদের উপর অত্যাচার, ব্যবস্থা নেওয়া হবে দাঙ্গা কারীদের বিরুদ্ধে বলে জানান অমিত শাহ । বলেন এই রাজ্যে অনুপ্রবেশ একটি বড় সমস্যা ।

অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় তৃণমূল সরকার । এই অনুপ্রবেশকারীরা, রেশনের চাল, জমি, চাকরি সবকিছু কেড়ে নিচ্ছে । বিজেপি সরকার ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের তাড়াবে বলে দাবি করেন তিনি । রাম মন্দির ও বাবরি মসজিদের কোথাও উল্লেখ করেন অমিত শাহ । বলেন ৫০০ বছর পর নরেন্দ্র মোদি রাম মন্দির তৈরি করেছেন । আর বাংলায় হচ্ছে বাবরি মসজিদ নির্মাণ । বিজেপি ক্ষমতায় এলে বাবরি মসজিদ কোন ভাবেই তৈরি করতে দেওয়া হবে না বলে জানান তিনি । এদিন অমিত শাহের মুখে অনুদান তথা ভাতার প্রতিশ্রুতির কথাও শোনা যায় । বলেন বিজেপি সরকার রাজ্যের মহিলাদের ও বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা ভাতা দেবে । কৃষকরা পাবে বছরে ৯ হাজার টাকা অনুদান ।

এদিনের নির্বাচনী জনসভায় রানীগঞ্জের পদ্মফুল প্রার্থী পার্থ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জামুরিয়ার প্রার্থী ডাঃ বিজন মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যরা । অমিত শাহ দাবি করেন পশ্চিম বর্ধমান জেলায় ৯টি আসনের সবকটি এবার জিতবে বিজেপি । এদিন অন্ডালের খান্দরাতে নির্বাচনী জনসভার পাশাপাশি দুর্গাপুরে রোড শো করেন অমিত শাহ সূচনা হয় দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে । শেষ হয় চন্ডীদাস মার্কেটে ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *