RANIGANJ-JAMURIA

পদ্মফুল তুলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু বৃদ্ধর

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাড়ির লক্ষীপুজোর জন্য পদ্মফুল তুলতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আসানসোলের জামুড়িয়ায়। জামুড়িয়া থানার ৩৫ নং রোড ২ নং সায়ের পাড়ার বাসিন্দা মৃত বৃদ্ধর নাম রামাপদ রুইদাস (৭৫)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধর মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির লক্ষী পুজোর জন্য শুক্রবার সকালে আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে গ্রামের একটা পুকুরে পদ্মফুল তুলতে যান জামুড়িয়ার ৩৫ নং রোডের ২ নং সায়ের পাড়ার বাসিন্দা রামাপদ রুইদাস। ঘন্টা খানেক পরে এলাকারই কয়েকজন বাসিন্দা পুকুরের জলে ঐ বৃদ্ধকে ভাসতে দেখেন। খবর পেয়ে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। বেশ কিছুক্ষুনের চেষ্টায় তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


জানা গেছে, কোনদিনই রামাপদ রুইদাস ঐ পুকুরে বাড়ির লক্ষীপুজোর জন্য পদ্মফুল তুলতে যাননি। এইবারই প্রথম তিনি পুকুরে পদ্মফুল তুলতে যান ও এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই বাড়ির লোকেরা এই ঘটনায় শোকগ্রস্ত হয়ে পড়েন। এলাকাতেও শোকের ছায়া নেমে আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, অসাবধানতার কারণে পদ্মফুল তুলতে গিয়েই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!