ASANSOL

আসানসোলে মর্মান্তিক ঘটনা, ট্রেন থেকে মরণঝাঁপ, ৪ মাসের ছেলেকে নিয়ে আত্মঘাতী মা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আপ পুরী – পাটনা পুরী এক্সপ্রেস ট্রেন থেকে মরণঝাঁপ। ৪ মাসের পুত্র সন্তানকে নিয়ে আত্মঘাতী মা। রবিবার ভোরবেলা মর্মান্তিক এই  ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোলের বরাচক ও সীতারামপুর স্টেশনে মাঝে সীতারামপুর আউটার সিগন্যালের কাছে।
ঝাড়খন্ডের ধানবাদ জেলার বালিয়াপুর ডাঙাপাড়া শিবমন্দির এলাকার বাসিন্দা মৃত মা ও ছেলের নাম নিকি কুমারী (২৯) ও ভীরাজ কুমার ( ৪ মাস) । রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মা ও ছেলের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


আসানসোল রেল পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আপ পুরী – পাটনা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন ঝাড়খন্ডের ধানবাদের বাসিন্দা নিকি কুমারী ও ভীরাজ কুমার। সঙ্গে ছিলেন নিকি কুমারীর স্বামী সঞ্জয় কুমার সুধাংশু ও বাবা। তারা ভদ্রক থেকে যশিডি যাচ্ছিলেন এই ট্রেনে। রবিবার ভোরবেলা ট্রেনটি আসানসোল স্টেশনে আসে। এরপর ট্রেনটি আসানসোল স্টেশন ছাড়ে। কিছুক্ষন পরে বাথরুম যাওয়ার নাম করে নিকি কুমারী ৪ মাসের ছেলে ভীরাজ নিয়ে স্বামী ও বাবার কাছে থেকে উঠে আসেন। আসানসোলের কাছে সীতারামপুর ও বরাচক স্টেশনের মাঝে সীতারামপুর আউটার সিগন্যালের কাছে নিকি কুমারী কোলের সন্তানকে নিয়ে ঝাঁপ দেন। তাতে ঘটনাস্থলেই ট্রেনের তলায় কাটা পড়ে দুজনের মৃত্যু হয়। বেশি কিছুক্ষন হয়ে যাওয়ার পরে নিকি কুমারী বাচ্চা নিয়ে না আসায় তার স্বামী তাদের খোঁজ করতে গিয়ে এই ঘটনার কথা জানতে পারেন। ততক্ষণে ট্রেনটি দাঁড়িয়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে।


প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশ জানায়, ৪ মাসের সন্তানকে নিয়ে নিকি কুমারী আত্মহত্যা করেছেন। তার সঙ্গে থাকা স্বামী ও বাবা এর সঠিক কোন কারণ জানাতে পারেনি। তবে মনে করা হচ্ছে ৪ মাসের সন্তানের শারীরিক কোন সমস্যা ছিলো। সেই কারণে নিকি কুমারী মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণেই তিনি পরিকল্পনা করে কোলের সন্তানকে নিয়ে এইভাবে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!