RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, অল্পের জন্যে রক্ষা আরো দুজনের

বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার তিরাট কোলিয়ারি এলাকায়। তিরাট কোলিয়ারির বাসিন্দা মৃত যুবকের নাম রোহিত সিং ( ১৯)। মৃত যুবকের দুই বন্ধু কিছুটা দূরে থাকায় তারা অল্পের জন্যে প্রাণে বেঁচে গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাড়ির অদূরে মাঠের পাশে গাছের নিচে বসেছিল রানিগঞ্জের তিরাট কোলিয়ারির বাসিন্দা রোহিত সিং। সামান্য কিছুটা দূরে বসেছিল রোহিতের আরো দুই বন্ধু। বিকেল সাড়ে চারটে নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। মিনিট কয়েক পরে প্রচন্ড বাজ পড়া শুরু হয়। রোহিতরা কিছু বুঝে উঠার আগেই সেখানে প্রচন্ড শব্দে বাজ পড়ে। তাতে গাছের নিচে বসে থাকা রোহিত সিং অচৈতন্য হয়ে যায়। সামান্য দূরে থাকা আরো দুই যুবকও অচৈতন্য হয়ে যায়। তাদের হাতে থাকা মোবাইল দূরে ছিটকে পড়ে। আশপাশের লোকেরা দৌড়ে আসেন।

খবর পেয়ে আসেন রোহিতের বাবা ও পরিবারের সদস্যরা। মিনিট কয়েকের মধ্যে দুই যুবকের হুঁশ ফিরে আসে ও তাদের শারীরিক অবস্থা ঠিক হয়। কিন্তু রোহিতের ঞ্জান ফিরে আসেন। এরপর তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তিরাট কোলিয়ারি এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, বুধবার সকালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।
প্রসঙ্গতঃ, গত কয়েকদিন ধরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দাবদাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে রয়েছে। রোদের দাপটে দিনের বেলায় বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে। সবাই অপেক্ষায় রয়েছেন, কবে বর্ষার বৃষ্টি শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!