RANIGANJ-JAMURIA

দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা জুড়ে মহিলারা তিন দিন ধরে এঁকেই চলেছে আলপনা।

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা জুড়ে মহিলারা তিন দিন ধরে এঁকেই চলেছে আলপনা। মূলত ১৫ ই নভেম্বর বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন ও তীরন্দাজ প্রতিযোগিতার আসর বসতে চলেছে, খনি শহর রানীগঞ্জে লাগোয়া বাঁশড়ার আদিবাসী গ্রামে। আর সে বিষয়ের প্রেক্ষিতেই কলকাতা ও বড় শহর গুলির মতোই এবার গ্রামের রাস্তায় অতিথিদের বরণ করে নেওয়ার লক্ষ্যে ও রাস্তার চারিপাশ সুন্দরভাবে সাজিয়ে তুলতে প্রায় দু কিলোমিটার পথ আলপনা এঁকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ছবি রাস্তার মধ্যে তুলে ধরেছে অসংখ্য আদিবাসী মহিলা। তারা গত দুদিন ধরে এই নকশা রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে করে চলেছে।

আদিবাসী যুবতীদের সাথে বয়োজ্যেষ্ঠ ও গৃহবধূ মহিলারাও এই আলপনা আঁকায় অংশ নিয়েছে রাস্তার বিভিন্ন অংশে। যেখানে তারা বিভিন্ন ফুলের নকশা থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের ধামসা, মাদল, তীর, ধনুক ও আদিবাসী নৃত্য এই আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলেছে রাস্তার মধ্যে। তাদের একটাই আনন্দ তাদের পাড়া গ্রাম গঞ্জ যেন সুন্দর রঙ্গিন নকশায় রাঙ্গিয়ে দিয়ে আকর্ষিত হয়ে ওঠে। তাদের দাবি বহুদূরান্ত থেকে অসংখ্য মানুষজন তাদের এই গ্রামে উপস্থিত হবে, আর সেসময় তাদের গ্রাম যেন সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে যায়, সেই জন্যই তারা দিনরাত এক করে এঁকে চলেছে মাইলের পর মাইল রাস্তায় এই আলপনা।

জানা গেছে এই বিশেষ অনুষ্ঠানে তীরন্দাজি প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে, এমনকি ভিন রাজ্য থেকে হাজারো তীরন্দাজ অংশ নেয় এই প্রতিযোগিতায়, যার মধ্যে অসংখ্য মহিলা প্রতিযোগীও রয়েছে। সেই সকল আদিবাসী প্রতিযোগীদের স্বাগত জানাতেই মহিলাদের এই বিশেষ উদ্যোগ বলে তারা জানান। জানা গেছে এই অনুষ্ঠানে তীরন্দাজি ছাড়াও আদিবাসী নৃত্য লাগড়ে, আর অরকেস্টাই মঞ্চ মাতাবে রাম মান্ডি, জয়া হাসদা। চলবে আদিবাসী সংগীত সহ আদিবাসীদের নানান অনুষ্ঠান। এই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাঁশড়ার ফুটবল ময়দানে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *