পুকুর ভরাটের অভিযোগ, খতিয়ে দেখতে আসানসোল পুরনিগমের সমীক্ষা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের লোয়ার কুমারপুরের স্থানীয় মানুষেরা দীর্ঘদিন ধরে কিছু লোকের বিরুদ্ধে এলাকার একটি পুকুর ভরাটের অভিযোগ করে আসছেন। স্থানীয় মানুষও দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করছেন। তারা একজোট হয়ে রাস্তায় নেমে টানা আন্দোলনও করেছেন। তারা এ বিষয়ে আসানসোল পুরনিগমে অনেকবার স্মারকলিপিও জমা দিয়েছেন। বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের একটি দল স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় আসেন। তারা গোটা এলাকাটির সমীক্ষা শুরু করে এবং পুকুর ভরাটের চেষ্টা সত্যিই করা হয়েছে কিনা তা জানার চেষ্টা করেন।











এই কাজের সাথে যুক্ত এক আধিকারিক বলেন, স্থানীয় মানুষেরা আসানসোল পুরনিগমের কাছে অভিযোগ দায়ের করে বলেছিলেন যে এখানে একটি পুকুর ভরাটের চেষ্টা করা হচ্ছে। মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে এদিন আমরা এখানে সমীক্ষা করতে এসেছি। সমীক্ষায় যা পাওয়া যাবে তা রিপোর্ট আকারে তা ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে দেওয়া হবে। এই প্রসঙ্গে গোবর্ধন মন্ডল ও এলাকার বাসিন্দারা বলেন, তারা পুকুরটি বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ।




মেয়রের কাছেও আবেদন করা হয়েছে। অবশেষে এদিন আসানসোল পুরনিগমের পক্ষ থেকে, স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়ে একটি দল সমীক্ষা করতে এসেছেন । এর প্রেক্ষিতে তারা আশা করেন যে পুকুরটি রক্ষা পাবে। তারা এর পাশাপাশি স্পষ্টভাবে বলেছেন, যদি পুকুরটি রক্ষা করা না যায়, তাহলে তারা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে প্রতিবাদ আন্দোলন করবেন ।


