ASANSOL

আসানসোলে সিটিজেন্স ফর ন্যাশনাল সিকিউরিটির ” সিঁদুর যাত্রা”

পহেলগাঁওয়ে জবাবে ” অপারেশন সিঁদুর” ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর ‘ অভিযান চালিয়েছে। সেই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে ) ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে।  অসাধারণ কৃতিত্বের প্রতিধ্বনি আজ পশ্চিমবঙ্গের আসানসোলে শোনা গেল। এই অভূতপূর্ব সামরিক সাফল্য উদযাপন করতে রবিবার বিকেলে আসানসোল শহরে সিটিজেন্স ফর ন্যাশনাল সিকিউরিটির পক্ষ থেকে একটি বিশাল ” সিঁদুর যাত্রা” বার করা হয়।


এই যাত্রায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, কুলটির বিধায়ক ডঃ অজয় পোদ্দার, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোমুখি , বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, ক্যাপ্টেন অনুপম বন্দোপাধ্যায়, সমাজসেবী বুম্বা মুখোমুখি , অভিজিৎ আচার্য, অরিজিৎ রায় সহ হাজার হাজার নাগরিক অংশ নেন। এই পদযাত্রার একটা সবচেয়ে বিশেষ দিক ছিলো। তাহলো ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিকদের অংশগ্রহণ। যারা নাগরিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন। যা থেকে শহরে রাজপথে এক অসাধারণ দৃশ্য তৈরী করে। সকলের হৃদয়ে এবং মুখে ছিল ভারতীয় সৈনিকদের শৌর্য ও পরাক্রমের বীর গাথা।

এই যাত্রায়  ‘জয় হিন্দ’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ভারতীয় সেনা জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা তেরঙ্গা পতাকা এবং ব্যানার হাতে নিয়েছিলেন। যেগুলিতে অপারেশন সিঁদুরের সাফল্য এবং ভারতীয় সেনার বীরত্বের প্রশংসায় স্লোগান লেখা ছিল।
এই প্রসঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক পদক্ষেপ নয়। তা ভারতের সম্মান এবং নাগরিকদের নিরাপত্তার প্রতীক। আমাদের সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে গোটা বিশ্বে ভারতের শক্তি প্রদর্শন করেছে। বেড়ে চলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা জবাব দেওয়া হয়েছে।


কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার বলেন, পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের হত্যা সমগ্র দেশকে বিচলিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী ১৫ দিনের মধ্যে এই কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নিয়ে দেখিয়েছে যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে।
সিটিজেন্স ফর ন্যাশনাল সিকিউরিটির প্রতিনিধি তথা জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, এই যাত্রা ভারতীয় সেনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক। প্রাক্তন সৈনিকদের উপস্থিতি এই যাত্রাকে আরো গৌরবময় করে তুলেছে।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ভারত দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। প্রতিবেশী দেশ যদি সন্ত্রাসবাদীদের মদত দেয়, তার জবাব এরপরে আরো বেশি করে দেওয়া হবে।


এই পদযাত্রা নিয়ে ক্যাপ্টেন অনুপম বন্দোপাধ্যায় বলেন, আমরা আজ সবাই রাস্তায় নেমে সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছি।
বর্ণাঢ্য ও সুসজ্জিত এই ” সিঁদুর যাত্রা’  আসানসোলের জিটি রোডের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান রাস্তাগুলি হয়ে চিত্রা মোড়ে শেষ হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!