আসানসোলে জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ পরিবারের
পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষতিপূরণের দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তির আর্থিক ক্ষতি পূরণের দাবিতে সোমবার রাতে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, শনিবার রাতে ১৯ নং জাতীয় সড়কে কাল্লা মোড়ের অদূরে হওয়া ঐ পথ দুর্ঘটনায় মহঃ কাসিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে একটি গাড়ি ধাক্কা মারে। আহত ঐ ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে ভর্তি আছেন ।















মহঃ কাসিমের মেয়ে অভিযোগ করেন, শনিবার রাতে রানিগঞ্জের এক চিকিৎসকের গাড়ি আমার বাবাকে ধাক্কা মারে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ঐ গাড়িটিকে আটকানো হয়। গাড়ি ও চালককে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার দাবি, সেই সময়, গাড়ির মালিক রানিগঞ্জের বাসিন্দা ঐ ডাক্তার, তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি চিকিৎসার খরচ বহন করবেন। তবে, মহঃ কাসিমের মেয়ে সোমবার রাতে দাবি করেছেন যে তার বাবার অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও, চিকিৎসক তাকে এখন পর্যন্ত মাত্র ১৫ হাজার টাকা দিয়েছেন।
কাসিমের মেয়ে আরো জানিয়েছেন যে ঐ চিকিৎসক তাকে বলেছেন যে তিনি আর কোনও টাকা দেবেন না। এতে ক্ষুব্ধ হয়ে মহঃ কাসিমের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা কাল্লা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধের কারণে ১৯ নং জাতীয় সড়কে গাড়ি চলাচল ব্যহত হয়। পুলিশ আশ্বাস দিয়ে আধ ঘন্টা পরে সেই অবরোধ তোলে।


