Sharad Samman 2025 : জেলার সেরা আসানসোলের আপকার গার্ডেন দুর্গাপূজো কমিটি, দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি ও শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজো কমিটি, ১২ টি পুজো কমিটিকে পুরষ্কার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ” এ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমার সবমিলিয়ে মোট ১২ টি দুর্গাপূজো কমিটিকে সেরার পুরষ্কার দেওয়া হলো। মোট চারটি বিভাগে জেলার ১২টি পূজো কমিটিকে এই সম্মান দেওয়া হয়েছে। আসানসোল ও দুর্গাপুরের ৬ টি করে পুজো এই তালিকায় আছে। শনিবার পঞ্চমীর সন্ধ্যার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই ১২ টি পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের শারদ সম্মান তুলে দেন জেলাশাসক এস পোন্নাবলম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল ও শুভাষীনি ই ও আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।















পশ্চিম বর্ধমান জেলায় সেরা পুজোর সম্মান পেয়েছে আসানসোলের আপকার গার্ডেন দুর্গাপূজো কমিটি ও দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটি ও শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজো কমিটি। জেলার সেরা প্রতিমা হয়েছে আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, কল্যানপুর আদি পুজো ও রাধানগর রোড এ্যাথলেটিক ক্লাব। সেরা মন্ডপের সম্মান পেয়েছে দুর্গাপুরের অগ্রণী সংস্কৃতি পরিষদ, ফুলঝোড় সার্বজনীন দুর্গাপূজো কমিটি ও নবারুণ ক্লাব।
জেলায় সমাজ সচেতনতায় সেরার সম্মান পেয়েছে চিত্তরঞ্জন এরিয়া ৬ সার্বজনীন দুর্গাপূজো কমিটি, বার্নপুরের নেতাজী স্পোর্টিং ক্লাব ও দুর্গাপুরের মার্কনী দক্ষিণপল্লী দুর্গাপূজো কমিটি।এই প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নাবলম বলেন, পূজো কমিটির সদস্যরা যে কঠোর পরিশ্রমের সাথে দুর্গা পূজোর আয়োজন করেন তার প্রশংসা করা যায় না। এদিন এই পূজো কমিটির সদস্যদের তাদের কঠোর পরিশ্রমের জন্য সম্মানিত করা হয়েছে।


