ASANSOL

আসানসোল শহরের ব্যস্ততম রাস্তা আটকে অটো ও টোটোর দৌরাত্ম, সরব বিজেপি বিধায়ক, পুলিশের সঙ্গে বাকবিতন্ডা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার সকালে জিটি রোড সংযোগকারী হটন রোডের মোড়ে টোটো ও অটো চালকদের রাস্তা আটকে যাত্রী নামানো ও উঠানো নিয়ে সরব হলেন। তিনি চালকদের এই কাজের জন্য তিরস্কারও করেন।অন্যদিনের মতো এদিন সকাল থেকে আসানসোল শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল রাস্তা জিটি রোড সংযোগকারী হটন রোড মোড় আটকে অটো ও টোটো চালকেরা গাড়ি পার্ক করে যাত্রী উঠানো নামানো করছিলেন। আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশের সামনেই তারা নিত্যদিন এই কাজ করেন। এরফলে হটন রোড মোড়ে যানজট তৈরী হয়। ট্রাফিক গার্ড পুলিশকে টোটো ও অটো সরিয়ে যানজট এড়াতে কোন পদক্ষেপ নিতে দেখা যায়না। সেই যানজটের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। হটন রোডের এই যানজট দীর্ঘ কয়েক মিটার রামধনী মোড় পর্যন্ত যায়।

এদিন সকালে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল গাড়ি করে হটন রোড দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পান যে টোটো এবং অটো চালকেরা জিটি রোড মোড় আটকে যাত্রী উঠানো নামানো করছে। এতে বিধায়ক ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে টোটো এবং অটো চালকদের তিরস্কার করেন। বিধায়ককে সেখানে দেখে ট্রাফিক গার্ডের এক পুলিশ কর্মী দৌড়ে আসেন। বিধায়কের সামনে তিনি টোটো ও অটো চালকদের সরাতে যান। তখন বিজেপি বিধায়ক তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বিধায়ক বলেন, দীর্ঘদিন ধরে টোটো এবং অটো চালকরা এই হটন রোড আটকে যাত্রী উঠানো নামানো করছে। কিন্তু পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে আসানসোল জেলা হাসপাতালে যাওয়ার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় সব সময় যানজট থাকে। অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে।

তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এই রাস্তাটি পরিষ্কার করতে উদ্যোগী হয়েছিলেন। তিনি রাস্তার দুপাশের বেআইনী জবরদখল উচ্ছেদ করতে গেছিলেন। কিন্তু এখানকার বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের গোষ্ঠীর বাধার কারণে মেয়র তা করতে পারেননি। তিনি স্পষ্টভাবে এদিন বলেন, বিজেপি জনগণের এই ধরনের অসুবিধা সহ্য করবে না। আমি পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিক। তা না হলে, আমি রাস্তা অবরোধ করবোএই বিষয়ে রাজ্যের শাসক দলের নেতা রাজু আলুওয়ালিয়ার বলেন, মানুষকে হয়রানি করা বিজেপির কাজ। এর আগেও তারা টোটো এবং অটো চালকদের এভাবে হয়রানি করেছে। এসআইআর করে সমগ্র রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে। যদি বিজেপি মনে করে যে তারা এভাবে মানুষের মন জয় করতে পারবে, তাহলে তারা ভুল ধারণার মধ্যে রয়েছে।তবে শাসক দলের শ্রমিক সংগঠন এই নেতা, এদিন বিজেপি বিধায়ক যে বিষয় নিয়ে সরব হয়েছেন, তা নিয়ে একটা বাক্যও ব্যয় করেননি। রাস্তা আটকে সাধারণ মানুষকে সমস্যায় ফেলে অটো ও টোটো চালকেরা যা নিত্যদিন ধরে করছে, তা ঠিক না ভুল তা নিয়ে তিনি কিছু বলেননি। অন্যদিকে, বিজেপি বিধায়কের সরব হওয়া নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের তরফে কোন কিছু বলা হয়নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!