আসানসোলে আরপিএসএফ ১৬ তম ব্যাটালিয়নের রক্তদান , স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যান্সার সচেতনতা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনে মঙ্গলবার ব্যাটালিয়ন সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আসানসোল আরপিএসএফতে ১৬তম ব্যাটালিয়ন একটি রক্তদান , স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করে। ডিভিশনের চিকিৎসা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা অনুশীলন জোরদার করা এবং আরপিএসএফের কর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।















আসানসোল ডিভিশনের মেডিকেল টিম, স্বাস্থ্য প্রশিক্ষক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল স্টাফ এবং আরপিএসএফের কর্মীদের সহযোগীতায় এদিনের শিবিরটি হয়। এই শিবিরটি ফ্রন্টলাইন নিরাপত্তা কর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্য মূল্যায়ন এবং সময়োপযোগী সচেতনতামূলক প্রচারে ডিভিশনের অব্যাহত জোরকে তুলে ধরে।রক্তদান শিবিরে আরপিএসএফের কর্মীরা রক্তদান করেন। এই শিবিরে ব্লাডপ্রেশার বা রক্তচাপ পরীক্ষা , আরবিএস, উচ্চতা, ওজন এবং বিএমআই মাপ সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।তারপরে প্রাথমিক সনাক্তকরণ, রোগ প্রতিরোধ এবং জীবনযাত্রার পরিবর্তনের উপর দৃষ্টি আকর্ষণ করে কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়।
এছাড়াও এদিন ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিলো। যেখানে সাধারণ ক্যান্সারের ধরণ, প্রাথমিক সতর্কতা লক্ষণ, সংশ্লিষ্ট ঝুঁকির কারণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। কর্মীদের নিয়মিত স্ক্রিনিং পদ্ধতিতে জড়িত হতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও আরো ভাল জীবনধারা পছন্দ করতে উৎসাহিত করা হয়েছিল।মেডিকেল টিমের চেষ্টা এবং আরপিএসএফের কর্মীদের সক্রিয় সহায়তার স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর মাধ্যমে এদিনের শিবিরটি শেষ হয়।


