বারাবনিতে ” পথশ্রী ” প্রকল্পে নতুন তৈরি রাস্তার উদ্বোধনে বিধায়ক
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্য সরকার বাংলার প্রতিটি গ্রামে পাকা রাস্তা নির্মাণ নিশ্চিত করার জন্য ” পথশ্রী” প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতেও পাকা রাস্তা তৈরি করা হচ্ছে এবং মেরামতের প্রয়োজন এমন রাস্তাগুলিতে মেরামত করা হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নির্মিত রাস্তা উদ্বোধন করেন। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।














বিধান উপাধ্যায় এদিন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রাস্তা উদ্বোধন করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা সহ আমার বারাবনি বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের কাজ চলছে।তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় এদিন পাঁচগাছিয়া এলাকার তিনটি রাস্তা উদ্বোধন করা হয়েছে। এই রাস্তা নির্মাণে ₹৯০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বিধান উপাধ্যায় বলেন, এই তিনটি রাস্তা নির্মাণের ফলে এই এলাকায় আর কোন কাঁচা রাস্তা থাকবে না। তাছাড়া, যদি কোন রাস্তা তৈরির প্রয়োজন হয়, তবে সেগুলিও তৈরি করা হবে।


