থানার সামনে ধাবাতে হামলা ভাংচুরের অভিযোগ
বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, অন্ডাল : অন্ডাল মোড় থেকে কাজোড়া যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে সাম্প্রতিককালে বেশ কিছু হোটেল ও ধাবা গজিয়ে উঠেছে । হোটেল, ধাবা গুলোতে আড়ালে মদ, বিক্রির মধুচক্র চালানো হয় বলে অভিযোগ । খদ্দের টানাকে কেন্দ্র করে পাশাপাশি ধাবা গুলির মধ্যে প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব । শনিবার দেবরাজ নামে এক ধাবা মালিক অভিযোগ করেন পাশের ধাবার মালিক ও লোকজন তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় । পাশের ধাবাতে মদের আসর মধুচক্র বসানো হয় । তার প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়েছে বলে সেদিন দাবি করেন দেবরাজ বাবু । পাল্টা সোমবার গভীর রাতে অভিযুক্তের ধাবাতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে ।














ওই ধাবার এককর্মী বলেন বেশি রাতে জনা ১২ দুষ্কৃতী ধাবাতে হামলা চালায় । মালিকের নাম করে তার খোঁজ খবর নেয় । মালিক ধাবাতে না থাকায় ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায় । খাবার, চেয়ার, টেবিল ফেলে দেয় । তাকে লক্ষ্য করে কড়ায়ে থাকা তেল ছোড়া হয় । তেল ঠান্ডা থাকায় কোন ক্ষতি হয়নি বলে জানান তিনি । অন্ডাল থানার ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়কের পাশে ধাবা গুলিতে অনৈতিক কাজের অভিযোগ, হামলা ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন । তবে বিষয়টি নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি , প্রতিক্রিয়ার জন্য মোবাইলে ফোন করা হলে ফোন ধরেননি থানার আধিকারিক ।


