আসানসোলে দেবাশীষ ঘটকের ১৯তম মৃত্যু বার্ষিকী পালনে রক্তদান শিবির সহ একাধিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের চেলিডাঙ্গা এলাকায় শনিবার দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলর দেবাশীষ ঘটকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে এদিন সকালের প্রভাতফেরি বার করা হয় তার মূর্তির পাদদেশ থেকে। গোটা চেলিডাঙ্গা এলাকা ঘুরে সেই পদযাত্রা আবার তার মূর্তির সামনে এসে শেষ হয়। পরে দেবাশীষ ঘটকের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তার ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, পিন্টু কর্মকার, শুভাশিস চ্যাটার্জি , অভিনব মুখার্জি সহ অন্যান্যরা। এছাড়াও, এদিন রক্তদান শিবির, কম্বল বিতরণ ও নর নারায়ণ সেবারও আয়োজন করা হয়। একটি সর্বধর্ম প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।














সাংবাদিকদের আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র এবং প্রয়াত দেবাশীষ ঘটকের ছোট ভাই অভিজিৎ ঘটক বলেন, ১৯ বছর আগে এই দিনে দাদা দেবাশীষ ঘটক মারা যান। তিনি আসানসোল পুরনিগমের পাঁচবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি সর্বদা মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। এই কারণেই, মৃত্যুর ১৯ বছর পরেও, মানুষ এখনও তাকে স্মরণ করেন। প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হন। এই বছরেরও তার কোন ব্যতিক্রম হয়নি।

