আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের ধর্মঘট পাঁচদিনে পড়লো, পাড়ায় – পাড়ায় জমছে আবর্জনার স্তূপ
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বিভিন্ন দাবিতে গত পাঁচ দিন ধরে ধর্মঘট করছেন। যে কারণে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে পাড়ায় পাড়ায় জমছে আবর্জনার স্তূপ। সেই আবর্জনা ভ্যাট বা ডাস্টবিন থেকে উপচে পড়ে রাস্তায় চলে আসছে। এরফলে ছড়াচ্ছে পরিবেশ দূষণও। স্বাভাবিক ভাবেই, গোটা বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবারেও এই সাফাই কর্মীরা আসানসোল পুরনিগমে এসে আবারও তাদের বেতন বৃদ্ধি সহ অন্য দাবিগুলি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, এই সাফাই কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। কিন্তু তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিন তারা আসানসোল পুরনিগম ঘেরাও করে বসে পড়েন। তারা চান পুর প্রশাসন তাদের দাবি পূরণ করুক। এদিন সাফাই কর্মীদের এক প্রতিনিধি দল পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে দাবি নিয়ে আলোচনা হয়।














পরে তিনি বলেন, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের ধর্মঘট ঠিক নয়। এতে সাধারণ আসানসোল শহর তথা গোটা পুর এলাকার বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। তিনি আসানসোল কর্মীদের তাদের ধর্মঘট পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিটি বোরো থেকে কমপক্ষে ১৫ জন সাফাই কর্মী পুর প্রশাসনের সাথে দেখা করুক। যে দাবি পূরণ করা সম্ভব হলে তা পূরণ করা হবে। তবে প্রথমে, আসানসোল পুরনিগম এলাকা পরিষ্কার রাখার জন্য তাদের ধর্মঘট প্রত্যাহার করা উচিত। যা জনস্বার্থে প্রয়োজন।

