আসানসোলকে যানজট মুক্ত করতে পদক্ষেপ পুলিশের
বাস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল বাস ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশের মধ্যে একটি বৈঠক হয়। বৃহস্পতিবার হওয়া সেই বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠক আসানসোল শহর ও আশপাশের এলাকাকে যানজটমুক্ত করার জন্য কি কি করা দরকার তা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পরে ডিসি (ট্রাফিক) বলেন, প্রায় ৯৯% টোটোর রেজিষ্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত টোটোগুলিকে রুটও দেওয়া হবে।














তিনি আরো বলেন, বাস ও মিনিবাস মালিকদের প্রায়শই টোটো সম্পর্কে অভিযোগ থাকে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে এই অভিযোগ সম্পূর্ণরূপে সমাধান করা হবে। আসানসোলকে যানজটমুক্ত করা যাবে। এই বিষয়ে রাজু আলুওয়ালিয়া বলেন, এদিনের বৈঠকে বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের লোকজনেরা উপস্থিত ছিলেন। আসানসোল এলাকাকে কিভাবে যানজটমুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও, বাস পরিবহনের সাথে যুক্ত ব্যক্তিদেরও সচেতন করা হয়েছে যাতে তারা শহরকে যানজটমুক্ত রাখতে পারেন। পরিবহন কর্মীদের যাত্রীদের, বিশেষ করে মহিলা এবং শিশুদের সাথে ভালো আচরণ করা উচিত বলে জানানো হয়েছে।
এদিনের বৈঠকে সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মুখোপাধ্যায় বলেন, এদিনের বৈঠকে আমাদের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কালীপাহাড়িতে নির্মিত বাসস্ট্যান্ড থেকে ভলভো, এসবিএসটিসি এবং আন্তঃরাজ্য বাস চালানোর ব্যবস্থা করা হোক। তাতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

