দুর্গাপুরে মোটরবাইকের মডিফাইড সাইলেন্সার রুখতে কড়া ট্রাফিক গার্ড পুলিশ, অভিযান
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মোটরবাইকের মডিফাইড সাইলেন্সার থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি। তার সঙ্গে বিকট শব্দ। নিত্যদিন এই মোটরবাইকের দাপাদাপিতে অতিষ্ঠ দুর্গাপুরবাসী। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই ‘হলিউড-টলিউড মার্কা’ শব্দ ও আলো-আতঙ্কে নাজেহাল পথচারী থেকে গাড়িচালকরা।এবার এই দৌরাত্ম্য রুখতে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী মোড়ে বিশেষ অভিযান চালায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ড পুলিশ।















এই অভিযানে এই ধরনের মডিফাইড সাইলেন্সার লাগানো একাধিক মোটরবাইক আটক করা হয়। চালকদের জরিমানার পাশাপাশি কড়া ধমকও দেয় পুলিশ। এই প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর ৩ সন্তোষ ভকত বলেন, উর্ধতন আধিকারিকদের নির্দেশে এদিন এই অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার থাকলে আর সতর্কবার্তা নয়। সরাসরি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্স বাতিল ও মোটরবাইক আটক করা হবে।


